হোয়াইট হাউসের সামনে গোলাগুলি, বন্দুকধারী নিহত

Home Page » প্রথমপাতা » হোয়াইট হাউসের সামনে গোলাগুলি, বন্দুকধারী নিহত
রবিবার ● ২৪ মে ২০২৬


হোয়াইট হাউসের সামনে সিক্রেট সার্ভিসের অবস্থান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসের ভেতরে ছিলেন, ঠিক তখনই বাইরে ঘটে গেল এক চাঞ্চল্যকর গোলাগুলির ঘটনা। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার পরপর হোয়াইট হাউসের সামনে এক সন্দেহভাজন বন্দুকধারী গুলি ছোড়েন। পাল্টা গুলি চালান সিক্রেট সার্ভিসের সদস্যরা। ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নেওয়ার পর মারা যান। গোলাগুলিতে আহত হন একজন নিরীহ পথচারীও।
প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার সময় ট্রাম্প হোয়াইট হাউসেই অবস্থান করছিলেন এবং তাঁর সুরক্ষা বা কার্যক্রমে কোনো ব্যত্যয় ঘটেনি।

সিক্রেট সার্ভিসের বিবৃতি অনুযায়ী, হোয়াইট হাউস সংলগ্ন সেভেনটিন্থ স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউ এলাকায় সন্দেহভাজন ওই ব্যক্তি ব্যাগ থেকে অস্ত্র বের করে গুলি চালাতে শুরু করেন। সঙ্গে সঙ্গে পাল্টা গুলি চালান সিক্রেট সার্ভিসের সদস্যরা। গুলিবিদ্ধ বন্দুকধারীকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
এই গোলাগুলিতে একজন পথচারীও গুলিবিদ্ধ হন। সিএনএন জানিয়েছে, তাঁর অবস্থা গুরুতর। তবে তাঁর পরিচয় ও সর্বশেষ অবস্থা আনুষ্ঠানিকভাবে এখনো জানানো হয়নি। সিক্রেট সার্ভিসের কোনো সদস্য আহত হননি।

ঘটনার পরপরই হোয়াইট হাউসে সাময়িক লকডাউন জারি করা হয় — কাউকে ঢুকতে বা বের হতে দেওয়া হয়নি। পরে লকডাউন তুলে নেওয়া হলেও আশপাশে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
হোয়াইট হাউসের লনে থাকা সাংবাদিকদের দ্রুত প্রেস ব্রিফিং কক্ষে সরিয়ে নেওয়া হয়। এবিসি নিউজের প্রধান হোয়াইট হাউস সংবাদদাতা সেলিনা ওয়াং সামাজিক মাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে গুলি চলার মুহূর্তটিও ধরা পড়েছে। তিনি লেখেন, “আমরা গুলির শব্দ শুনতে পাই। মনে হচ্ছিল একসঙ্গে অনেক গুলি ছোড়া হচ্ছে। নিরাপত্তাকর্মীরা আমাদের দৌড়ে প্রেস ব্রিফিং রুমে যেতে বলেন।”

সন্দেহভাজন বন্দুকধারীর নাম-পরিচয় এখনো প্রকাশ করেনি সিক্রেট সার্ভিস। ঘটনাটি তদন্ত চলছে বলে জানানো হয়েছে। এদিকে রিপাবলিকান দলের কয়েকজন আইনপ্রণেতা সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প সম্পূর্ণ অক্ষত ও নিরাপদ আছেন।
সূত্র: আল-জাজিরা, সিএনএন

বাংলাদেশ সময়: ১০:২৯:৫৯ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ