রবিবার ● ২৪ মে ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
Home Page » জাতীয় » ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজটঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটে নাকাল হয়ে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকেরা। রবিবার (২৪ মে) ভোররাত প্রায় চারটা থেকে শুরু হওয়া এই যানজট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও তীব্র আকার ধারণ করেছে।
জানা গেছে, মহাসড়কের কুমিল্লামুখী লেনে গজারিয়া অংশজুড়ে এই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সড়কের বিভিন্ন পয়েন্টে ঘণ্টার পর ঘণ্টা আটকে আছে পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাস ও ব্যক্তিগত যানবাহন।
যানজটে আটকে পড়া ট্রাকচালক শামীম মিয়া বলেন, “চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছি। কিন্তু জামালদি বাসস্ট্যান্ড এলাকায় প্রায় এক ঘণ্টা ধরে আটকে আছি। চোখে ঘুম, কী করব বুঝতে পারছি না। শুনেছি দাউদকান্দিতে দুর্ঘটনার কারণেই এই যানজট।”
বাসচালক শহিদ জানান, বালুয়াকান্দি এলাকা থেকে যানজটে পড়েছেন তিনি। “কখন গন্তব্যে পৌঁছাতে পারব, তা বলতে পারছি না” — বলেন তিনি। এক বাসযাত্রী আক্ষেপ করে জানান, এই মহাসড়কে প্রায়ই যানজট লেগে থাকায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয় না।
গজারিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানিয়েছেন, কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি সড়ক দুর্ঘটনার কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে এবং দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১০:৩৭:২৩ ● ১৮ বার পঠিত