সোমবার ● ১২ জানুয়ারী ২০২৬

ভেনেজুয়েলায় মার্কিন নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ

Home Page » মুক্তমত » ভেনেজুয়েলায় মার্কিন নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ
সোমবার ● ১২ জানুয়ারী ২০২৬


ভেনেজুয়েলায় মার্কিন নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ

ভেনেজুয়েলায় অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। লাতিন আমেরিকার এই দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গত ২ জানুয়ারি মার্কিন বিশেষ বাহিনী তুলে নিয়ে যাওয়ার এক সপ্তাহ পর সেখানে সশস্ত্র আধাসামরিক বাহিনী মার্কিন নাগরিকদের লক্ষ্যবস্তু করছে বলে খবর পাওয়া গেছে। গত শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে জারি করা একটি নিরাপত্তা সতর্কবার্তায় বলা হয়েছে, ভেনেজুয়েলায় সরকার সমর্থিত কোলেকতিভোস নামে আধাসামরিক গোষ্ঠীর সদস্যরা বিভিন্ন স্থানে রাস্তা অবরোধ করে তল্লাশি চালাচ্ছে। তারা মূলত মার্কিন নাগরিক বা তাদের সমর্থকদের খুঁজে বের করতেই এমনটা করছে।

এ অবস্থার পরিপ্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, ভেনেজুয়েলায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচল সীমিত আকারে শুরু হওয়ায় মার্কিন নাগরিকদের উচিত দ্রুত দেশটি ত্যাগ করা। গত সপ্তাহে কারাকাসে মার্কিন বিশেষ বাহিনীর যে রক্তক্ষয়ী অভিযানে মাদুরোকে বন্দি করা হয়েছিল, তাতে বহু মানুষের মৃত্যু হয়। সেই ঘটনার পর থেকে ভেনেজুয়েলার পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল। তবে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন এই সতর্কবার্তাকে ‘বানোয়াট’ বলে প্রত্যাখ্যান করেছে। তারা দাবি করেছে, ভেনেজুয়েলা শান্ত ও স্থিতিশীল রয়েছে।

তবে কারাকাসের সাংবাদিক এবং মানবাধিকারকর্মীরা জানিয়েছেন, তারা শহরের বিভিন্ন স্থানে মোটরবাইকে সশস্ত্র কোলেকতিভোস সদস্যদের টহল দিতে এবং চেকপোস্ট বসাতে দেখেছেন। কারাকাস থেকে পশ্চিমাঞ্চলীয় সীমান্ত পর্যন্ত রাস্তায় কয়েক ডজন সামরিক ও পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। শুক্রবার মার্কিন কর্মকর্তারা কারাকাস সফর করেছেন। ধারণা করা হচ্ছে, সেখানে পুনরায় মার্কিন দূতাবাস চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে বন্দি মাদুরো তাঁর ছেলের মাধ্যমে জানিয়েছেন, তিনি এবং তাঁর স্ত্রী মার্কিন জেলে ভালো আছেন। তারা বিচারের অপেক্ষা করছেন।

ভেনেজুয়েলার তেলের রাজস্ব রক্ষায় ট্রাম্পের আদেশ

মার্কিন ট্রেজারি অ্যাকাউন্টে জমা থাকা ভেনেজুয়েলার তেলের রাজস্ব যাতে কোনো আদালত বা পাওনাদার গোষ্ঠী জব্দ করতে না পারে, সে জন্য জরুরি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। গত শুক্রবার স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, ভেনেজুয়েলার তেলের অর্থ কোনো বেসরকারি বা বাণিজ্যিক পাওনাদার তাদের বকেয়া আদায়ের জন্য ব্যবহার করতে পারবে না। এই রাজস্ব কেবল ভেনেজুয়েলায় শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার কাজেই ব্যয় হবে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসন এই অর্থকে ভেনেজুয়েলার সার্বভৌম সম্পদ হিসেবে ঘোষণা করেছে, যা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছে।

ভেনেজুয়েলার কাছে কয়েক বিলিয়ন ডলার পাওনা রয়েছে এমন বড় কোম্পানিগুলোর মধ্যে এক্সন মবিল এবং কনোকোফিলিপস অন্যতম। প্রায় ২০ বছর আগে ভেনেজুয়েলা সরকার তাদের সম্পদ জাতীয়করণ করার পর প্রতিষ্ঠানগুলো দেশটি ছেড়েছিল।

ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত

ভেনেজুয়েলার তেলসম্পদে মার্কিন দখল নিয়ে টানাপোড়েনের মধ্যেই দেশটি থেকে ভারত তেল কেনার চেষ্টা করছে বলে খবর এসেছে। ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যুক্তরাষ্ট্রের অনুমোদন নিয়েই এ চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। বিষয়টি সম্পর্কে জানা দুটি সূত্র জানায়, ভারত এমনিতে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে চাপে আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন হুমকি দিয়েছেন, ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে ৫০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এমন বাস্তবতায় ভারত এবার যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়ে ভেনেজুয়েলার তেল কেনার পরিকল্পনা করছে। খবর দ্য গার্ডিয়ান ও রয়টার্সের।

বাংলাদেশ সময়: ১১:৩৭:৩৫ ● ৬২ বার পঠিত