রবিবার ● ৮ মার্চ ২০২৬
গুঞ্জন, মধ্যপ্রাচ্যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে মার্কিন বাহিনী
Home Page » জাতীয় » গুঞ্জন, মধ্যপ্রাচ্যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে মার্কিন বাহিনী
বঙ্গনিউজ: দক্ষিণ কোরিয়ায় একটি মার্কিন বিমানঘাঁটি থেকে বেশ কয়েকটি সামরিক পরিবহন বিমান ওঠানামা করতে দেখা গেছে। এর ফলে গুঞ্জন উঠেছে যে, চলমান সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মতো সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে মার্কিন বাহিনী। রোববার স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রিয়েল-টাইম ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, গত মাসের শেষের দিকে সি-৫ এবং সি-১৭ মার্কিন পরিবহন বিমান সিউলের দক্ষিণে ওসান বিমানঘাঁটিতে অবতরণ করে। ইয়োনহাপ নিউজের প্রতিবেদন অনুযায়ী, বুধবার থেকে শনিবারের মধ্যে বিমানগুলো ওই ঘাঁটি ত্যাগ করে।
ফেব্রুয়ারির শেষের দিকে অন্তত দুটি সি-৫ বিমান ওই ঘাঁটিতে পৌঁছায়। ২৮ ফেব্রুয়ারি শনিবার এবং এর পরের সোমবার সেগুলো ছেড়ে যেতে দেখা যায়। অন্যদিকে, মঙ্গলবার থেকে ৭ মার্চ শনিবারের মধ্যে সি-১৭ বিমানগুলো ঘাঁটি ত্যাগ করে। এর মধ্যে ছয়টি বিমান যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজের দিকে যাচ্ছিল বলে নিশ্চিত করা হয়েছে।
সম্প্রতি অন্যান্য মার্কিন ঘাঁটি থেকে বেশ কয়েকটি প্যাট্রিয়ট ব্যাটারি ওসান বিমানঘাঁটিতে স্থানান্তর করা হয়েছে। এর ফলে গুঞ্জন আরও তীব্র হয়েছে যে, মার্কিন বাহিনী তাদের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
গত জুনে তেহরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার সময় অন্তত দুটি প্যাট্রিয়ট ব্যাটারি মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছিল। পরে অক্টোবরে সেগুলো আবারও দক্ষিণ কোরিয়ায় ফিরিয়ে আনা হয়।
এ বিষয়ে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত মার্কিন বাহিনী এবং সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তারা জানায়, সেনা অভিযানের বিষয়ে মন্তব্য করা কোনোভাবেই যথাযথ নয়।
বাংলাদেশ সময়: ২০:৩৪:৩৮ ● ১৮ বার পঠিত