শনিবার ● ১৪ মার্চ ২০২৬

মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া চাইলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Home Page » জাতীয় » মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া চাইলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
শনিবার ● ১৪ মার্চ ২০২৬


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের পরিপূর্ণ সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দোয়া চান।

এতে মির্জা ফখরুল লিখেছেন, ‘আপনাদের সবার দোয়ায় বরেণ্য রাজনীতিবিদ মির্জা আব্বাস এমপি’র দুটো অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।’

এর আগে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গতকাল শুক্রবার রাতে হাসপাতালে যান স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

প্রসঙ্গত, উন্নত চিকিৎসার জন্য গতকাল সন্ধ্যায় এই বিএনপি নেতাকে সিঙ্গাপুর নেওয়ার কথা ছিল। তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে দেশেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল ৩টার পর তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সন্ধ্যার আগেই প্রথম দফায় তার অপারেশন সম্পন্ন হয়। এরপর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। সন্ধ্যার পর আবারও দ্বিতীয় দফায় তার অস্ত্রোপচার হয়।

এর আগে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে আসেন। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তাকে বিস্তারিত অবহিত করা হয়। তিনি মির্জা আব্বাসের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় সিঙ্গাপুরে চিকিৎসার জন্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, গত বুধবার রাতে অসুস্থ হয়ে জ্ঞান হারালে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১১:০৮:১৬ ● ১৪ বার পঠিত