মঙ্গলবার ● ২১ এপ্রিল ২০২৬

আজ প্রফেসর ড. কবিরুল বাশারের জন্মদিন

Home Page » Wishing » আজ প্রফেসর ড. কবিরুল বাশারের জন্মদিন
মঙ্গলবার ● ২১ এপ্রিল ২০২৬


 ড. কবিরুল বাশার

আজ প্রফেসর ড. কবিরুল বাশারের জন্মদিন ।
ড. কবিরুল বাশার বাংলাদেশের একজন বিশিষ্ট প্রাণিবিজ্ঞানী, খ্যাতনামা কীটতত্ত্ববিদ এবং জনস্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক লেখক। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং জাপানের কানাজাওয়া বিশ্ববিদ্যালয় থেকে মশা ও মশাবাহিত রোগ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ।
একজন দক্ষ শিক্ষক ও গবেষক হিসেবে তিনি দেশে-বিদেশে সুপরিচিত। গ্রিসের অ্যারিস্টোটল ইউনিভার্সিটি অফ থেসালোনিকিতে শিক্ষকতা করার অভিজ্ঞতা তাঁর আন্তর্জাতিক পরিসরে অবদানকে আরও সমৃদ্ধ করেছে। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ডেঙ্গু ও অন্যান্য আর্বোভাইরাল রোগবিষয়ক টেকনিক্যাল কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
মশা ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে তাঁর গবেষণা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উচ্চ প্রশংসিত। বিশেষ করে বাংলাদেশে ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়া প্রতিরোধে তাঁর অবদান উল্লেখযোগ্য। তিনি কিউলেক্স, অ্যানোফিলিস ও এডিস মশার জীবনচক্র, আচরণ, রোগ সংক্রমণে ভূমিকা এবং কার্যকর নিয়ন্ত্রণ কৌশল নিয়ে দীর্ঘদিন ধরে ল্যাবরেটরি ও মাঠ পর্যায়ে গবেষণা পরিচালনা করছেন।
ড. বাশার বিশ্ব স্বাস্থ্য সংস্থা, দ্য গ্লোবাল ফান্ড, ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরামর্শক হিসেবে কাজ করেছেন এবং করছেন। পাশাপাশি দেশের সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থাকে ভেক্টর ম্যানেজমেন্ট বিষয়ে পরামর্শ প্রদান করে আসছেন।
তাঁর অসংখ্য গবেষণাপত্র দেশি-বিদেশি স্বনামধন্য জার্নালে প্রকাশিত হয়েছে এবং তিনি একাধিক আন্তর্জাতিক জার্নালের এডিটোরিয়াল বোর্ডের সদস্য। গবেষণার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে তিনি নিয়মিত পত্র-পত্রিকায় কলাম লেখেন এবং টেলিভিশন টকশোতে অংশ নিয়ে বৈজ্ঞানিকভাবে মশা নিয়ন্ত্রণের কার্যকর পদ্ধতি তুলে ধরেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাঁর নেতৃত্বে একটি আধুনিক কীটতত্ত্ব গবেষণাগার গড়ে উঠেছে, যেখানে নতুন প্রজন্মের গবেষকরা মশা ও পতঙ্গবিষয়ক গবেষণায় নিয়োজিত। বিশেষ করে এডিস মশা নিয়ন্ত্রণে তিনি “বিহেভিয়ারাল চেঞ্জ” বা মানুষের অভ্যাসগত পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে আসছেন।
ড. কবিরুল বাশারের ৫ টি বই প্রকাশিত হয়েছে। তার প্রকাশিত বইয়ের মধ্যে উচ্চ মাধ্যমিক প্রাণিবিদ্যা (দ্বিতীয় পত্র) এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসাধারণ ও সরকারের করণীয় বিশেষভাবে উল্লেখযোগ্য। একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, গবেষক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে তিনি দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় অগ্রদূত হিসেবে নিরলসভাবে কাজ করে চলেছেন।
২১ এপ্রিল তাঁর জন্মদিনে বঙ্গনিউজ BDC চ্যানেল পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা।

বাংলাদেশ সময়: ১৮:২৫:৩৬ ● ২৪ বার পঠিত