শুক্রবার ● ১ মে ২০২৬

কোরবানির ঈদে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে কানেক্ট বাংলাদেশের আহবান

Home Page » বিশ্ব » কোরবানির ঈদে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে কানেক্ট বাংলাদেশের আহবান
শুক্রবার ● ১ মে ২০২৬


কানেক্ট বাংলাদেশ

প্রেস বিজ্ঞপ্তিঃ

কোরবানির পবিত্র আহ্বান: অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসার ডাক
প্রিয় Connect Bangladesh Global (CBG)-এর সম্মানিত সদস্যবৃন্দ, ভাই ও বোনেরা এবং শুভানুধ্যায়ীগণ,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পবিত্র কোরবানির সময় ঘনিয়ে আসছে। এই বরকতময় সময়কে সামনে রেখে Connect Bangladesh Global (CBG) আবারও অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে তাদের কোরবানি কর্মসূচি শুরু করতে যাচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালে প্রবাসী বাংলাদেশিদের (NRB) উদ্যোগে CBG প্রথমবারের মতো কোরবানি কর্মসূচি গ্রহণ করে। সে সময় চট্টগ্রামের রামুর প্রত্যন্ত কচোপিয়া এলাকায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়, যেখানে ২৫০-এর বেশি নারী-নেতৃত্বাধীন অসহায় পরিবারকে সহায়তা প্রদান করা সম্ভব হয়।
এর ধারাবাহিকতায় ২০২৫ সালে সংগঠনটি আরও বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনা করে। সে বছর কচোপিয়া, রামু (চট্টগ্রাম হিল ট্র্যাক্ট) এবং শুভাড্যা, কেরানীগঞ্জ (ঢাকা)—এই দুটি স্থানে কোরবানি কার্যক্রম পরিচালিত হয়। সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণের ফলে ৬৮০টিরও বেশি দরিদ্র পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা সম্ভব হয়। ইসলামী শরিয়াহর বিধান অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কোরবানি সম্পন্ন করে শতভাগ মাংস প্রকৃত উপকারভোগীদের মাঝে পৌঁছে দেওয়া হয়।
এবার ২০২৬ সালের কোরবানিকে সামনে রেখে সংগঠনটির লক্ষ্য আরও বিস্তৃত করা হয়েছে। এ বছর ১০০০-এরও বেশি অসহায় পরিবারের মুখে হাসি ফোটানোর প্রত্যয় ব্যক্ত করেছে CBG। এই মহৎ উদ্যোগ সফল করতে সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা অপরিহার্য।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি গরুর কোরবানির শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে £140 (পাউন্ড), ১৭০ ইউরো, ১৯৫ মার্কিন ডলার বা ২৩,০০০ টাকা। প্রবাসীসহ দেশ-বিদেশের সকল শুভানুধ্যায়ীদের এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে সকলকে অনুরোধ করা হয়েছে, নিজে অংশগ্রহণের পাশাপাশি বন্ধু, আত্মীয়স্বজন ও পরিচিতদের মধ্যেও এই মানবিক উদ্যোগের বার্তা ছড়িয়ে দিতে। কোরবানির এই তাৎপর্যপূর্ণ ইবাদতের মাধ্যমে আল্লাহর দেওয়া নেয়ামতের শুকরিয়া আদায়ের পাশাপাশি অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়ার সুযোগ সৃষ্টি হয়।
সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, সম্মিলিত প্রচেষ্টায় এ বছরের লক্ষ্য পূরণ করা সম্ভব হবে এবং আরও বেশি মানুষের জীবনে স্বস্তি ও আনন্দ বয়ে আনা যাবে। পাশাপাশি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়েছে, যেন তিনি সকলের দান কবুল করেন এবং মানবসেবার তাওফিক দান করেন।

বাংলাদেশ সময়: ২০:৩২:০৯ ● ১৮ বার পঠিত