শনিবার ● ২ মে ২০২৬

ফেনীতে “মেঘ বিস্ফোরণ”

Home Page » মুক্তমত » ফেনীতে “মেঘ বিস্ফোরণ”
শনিবার ● ২ মে ২০২৬


ফেনীতে “মেঘ বিস্ফোরণ”

মেঘ যেন ভেঙে পড়েছে ফেনীর ওপর। মঙ্গলবার (২৮ এপ্রিল) মাত্র এক ঘণ্টার টানা বর্ষণে শহরের বিস্তীর্ণ এলাকা জলের নিচে তলিয়ে গেছে। জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, ওই এক ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ১৫০ মিলিমিটারে, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।
বিকেল ৩টায় জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রবল বর্ষণে ফেনী শহরের ডাক্তারপাড়া, শহীদ শহিদুল্লা কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস, শাহীন একাডেমি এলাকা, পাঠানবাড়ি, নাজির রোড, মিজান রোড, সদর হাসপাতাল মোড় ও পেট্রোবাংলাসহ একাধিক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। নিচু সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। বিভিন্ন দোকানে পানি ঢুকে পণ্যের ক্ষতি হয়েছে।
ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন বলেন, “টানা বর্ষণের কারণে ড্রেন ও খাল দিয়ে পানি ধীরগতিতে নামছে। জলাবদ্ধতা নিরসনে পৌরসভার ১২টি টিম মাঠে কাজ করছে। আগামী এক ঘণ্টার মধ্যে সড়ক ও পাড়া-মহল্লার পানি নেমে যাবে।”

আবহাওয়া কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, স্বাভাবিক লঘুচাপের প্রভাবে এই বৃষ্টিপাত আগামী তিন দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পাশাপাশি বজ্রবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের আশঙ্কাও রয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, ফেনীতে যা ঘটেছে তা ‘ক্লাউডবার্স্ট’ বা মেঘ বিস্ফোরণের বৈশিষ্ট্য বহন করছে। এই প্রাকৃতিক ঘটনায় অত্যন্ত স্বল্প সময়ে খুব ছোট একটি এলাকায় অস্বাভাবিক মাত্রায় বৃষ্টিপাত হয় — সাধারণত এক ঘণ্টায় ১০০ মিলিমিটার বা তার বেশি। এতে কয়েক মিনিটের মধ্যেই রাস্তাঘাট ও ঘরবাড়ি তলিয়ে যেতে পারে, দেখা দিতে পারে আকস্মিক বন্যা ও ভূমিধস।

ভিডিও দেখুন-

বাংলাদেশ সময়: ১৪:৩৭:২৭ ● ৫৬ বার পঠিত