সোমবার ● ১৮ মে ২০২৬

১১৬ জুয়ার সাইট বন্ধের তালিকা বিটিআরসিতে : দৈনিক ২ কোটি টাকা পাচার

Home Page » জাতীয় » ১১৬ জুয়ার সাইট বন্ধের তালিকা বিটিআরসিতে : দৈনিক ২ কোটি টাকা পাচার
সোমবার ● ১৮ মে ২০২৬


সিআইডির প্রধান ও অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমেদের সংবাদ সম্মেলন

দেশে অনলাইন জুয়ার বিরুদ্ধে বড় অভিযানে নামল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অবৈধ ১১৬টি জুয়ার ওয়েবসাইট ও অ্যাপস বন্ধের জন্য টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) তালিকা পাঠানো হয়েছে। একই সঙ্গে চারটি সাইট পরিচালনার অভিযোগে আটজনকে গ্রেফতার করা হয়েছে। এই চার সাইটের মাধ্যমে দৈনিক দুই কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়ে হুন্ডি ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে পাচার করা হতো।
রবিবার সিআইডির প্রধান ও অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ইউনিট নিয়মিত সাইবার প্যাট্রলিং পরিচালনা করে আসছে। ১ মে থেকে রবিবার পর্যন্ত এই অভিযানে ১১৬টি জুয়ার সাইট শনাক্ত করে বিটিআরসিতে পাঠানো হয়। পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জুয়ার লেনদেনে ব্যবহৃত ৮৭৯টি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ও বিভিন্ন ব্যাংকের ৪৩টি অ্যাকাউন্ট বন্ধ করতে বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা বিভাগকে (বিএফআইইউ) অনুরোধ জানিয়েছে সিআইডি।

গত ৬ মে ময়মনসিংহ ও কিশোরগঞ্জ থেকে চারজনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার নরসিংদীর পলাশ ও ঢাকার ধানমন্ডি থেকে আরও চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আটজন হলেন কিশোরগঞ্জের আশরাফ উদ্দীন আহম্মেদ, সজীব চক্রবর্তী, আশরাফুল ইসলাম ও আব্দুর রহমান; ময়মনসিংহের জসীম উদ্দীন; নরসিংদীর তৈয়ব খান ও সৌমিক সাহা এবং লক্ষ্মীপুরের কামরুজ্জামান। এর মধ্যে কিশোরগঞ্জের দুজন একটি মোবাইল ব্যাংকিং কোম্পানির ডিস্ট্রিবিউটর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সকলেই অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে পল্টন থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা হয়েছে।

সিআইডিপ্রধান জানান, পাচার হওয়া অর্থ উদ্ধারে বিএফআইইউ ও আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রের আন্তর্জাতিক নেটওয়ার্ক ও সংশ্লিষ্ট ক্রিপ্টো ওয়ালেট শনাক্তের প্রক্রিয়াও চলমান রয়েছে।
উল্লেখ্য, এর আগে সিআইডি ‘এমটিএফই’ পঞ্জি স্কিমে পাচার হওয়া প্রায় ৪৪ কোটি টাকা দেশে ফিরিয়ে আনতে সফল হয়েছিল।

বাংলাদেশ সময়: ১১:০১:১৪ ● ১৪ বার পঠিত