শনিবার ● ২৩ মে ২০২৬

নজরুলের জন্মজয়ন্তী উদ্বোধনে আজ ত্রিশালে প্রধানমন্ত্রী তারেক রহমান

Home Page » জাতীয় » নজরুলের জন্মজয়ন্তী উদ্বোধনে আজ ত্রিশালে প্রধানমন্ত্রী তারেক রহমান
শনিবার ● ২৩ মে ২০২৬


প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ত্রিশালে আজ শনিবার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে কবির ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন এবং ময়মনসিংহ জেলা বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকও রয়েছে দিনের কর্মসূচিতে।

ময়মনসিংহ জেলা প্রশাসন ও স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী আজ সকাল ৯টায় ঢাকা থেকে সড়কপথে ত্রিশালের উদ্দেশে রওনা দেবেন। দুপুর ১২টায় ত্রিশাল উপজেলার বৈলর এলাকায় খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।
এরপর দুপুর ২টায় ত্রিশাল ডাকবাংলোয় যাবেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টায় ঐতিহ্যবাহী নজরুল একাডেমি মাঠে জাতীয় কবির জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন। বিকেল ৫টায় নজরুল অডিটরিয়ামে ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

নজরুলের স্মৃতিবিজড়িত ত্রিশালে অনেক বছর পর এবার জাতীয় পর্যায়ে জন্মজয়ন্তী পালিত হচ্ছে। এই উপলক্ষে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। তিন দিনব্যাপী নজরুলজয়ন্তী উপলক্ষে নজরুল একাডেমি মাঠে বসছে মেলা। একই মাঠে নজরুল মঞ্চে দিনভর চলছে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, “২০০৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ত্রিশালবাসীকে বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছিলেন। এবার আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ত্রিশালবাসীর স্বপ্নপূরণে ব্যতিক্রম কিছু উপহার দেবেন বলে আশা করছি।”
প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে সব প্রস্তুতি সম্পন্ন করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন।

বাংলাদেশ সময়: ১০:৪১:৫৮ ● ২৭ বার পঠিত