শনিবার ● ২৩ মে ২০২৬

সাড়ে পাঁচ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন

Home Page » অর্থ ও বানিজ্য » সাড়ে পাঁচ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন
শনিবার ● ২৩ মে ২০২৬


সাড়ে পাঁচ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন

অর্থনীতি চাঙা করতে এবং ক্রমবর্ধমান শ্রমঘাটতি পূরণ করতে প্রায় সাড়ে পাঁচ লাখ অনিয়মিত অভিবাসীকে বৈধতা দেওয়ার উচ্চাভিলাষী পরিকল্পনা হাতে নিয়েছে স্পেন। চলতি বছরের জানুয়ারিতে ঘোষিত এই কর্মসূচির খবর শুক্রবার (২২ মে) প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট।

স্পেনের সমাজতান্ত্রিক নেতৃত্বাধীন জোট সরকারের যুক্তি, দেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধ হচ্ছে এবং কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা টিকিয়ে রাখতে আগামী এক দশকে সামাজিক নিরাপত্তা তহবিলে প্রায় ২৪ লাখ নতুন করদাতার প্রয়োজন হবে। তরুণ কর্মীদের সংখ্যা বাড়িয়ে এই ঘাটতি পূরণ এবং ইউরোপীয় প্রতিবেশীদের তুলনায় অর্থনৈতিকভাবে এগিয়ে থাকাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
থিংকট্যাংক ‘ফুঙ্কাস’-এর অনুমান, স্পেনে বর্তমানে প্রায় ৮ লাখ ৪০ হাজার অবৈধ অভিবাসী অনানুষ্ঠানিক খাতে কাজ করছেন। তাদের বেশিরভাগই দক্ষিণ আমেরিকার নাগরিক।

কর্মসূচির ব্যাপক চাহিদা প্রমাণিত হয়েছে সংখ্যাতেই। রাষ্ট্রীয় গণমাধ্যম টিভিই জানিয়েছে, প্রথম মাসেই প্রায় ৫ লাখ ৪৯ হাজার ৫৯৬টি আবেদন জমা পড়েছে — যা প্রাথমিক প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। ইতিমধ্যে প্রায় ৯১ হাজার ৫০৫টি সাময়িক কাজের অনুমতিও দেওয়া হয়েছে। স্পেনের অভিবাসনবিষয়ক সেক্রেটারি অব স্টেট পিলার কানসেলা জানান, রাষ্ট্রীয়ভাবে প্রায় ১০ লাখ আবেদন প্রক্রিয়া করার সক্ষমতা তাদের রয়েছে।

এই উদ্যোগের মূল কৌশল হলো অভিবাসীদের দক্ষতা অনুযায়ী আনুষ্ঠানিক কর্মসংস্থানের ব্যবস্থা করা। নির্মাণ, পর্যটন, পরিবহন ও সেবা খাতের শ্রমঘাটতি মেটাতে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করছে সরকার। কানসেলা বলেন, “যাঁরা ইতিমধ্যে আমাদের সঙ্গে কাঁধ মিলিয়ে দেশ গঠনে অবদান রাখছেন, এটি তাঁদের সম্ভাবনাকে কাজে লাগানোর এক বিশাল সুযোগ।”

তবে এই পরিকল্পনা স্পেনের ভেতরে এবং ইউরোপের কট্টর ডানপন্থী নেতাদের তীব্র সমালোচনার মুখে পড়েছে। কট্টর ডানপন্থী দলগুলোর আইনি চ্যালেঞ্জের পর দেশটির সুপ্রিম কোর্টেও বিষয়টি নিয়ে শুনানি হয়েছে। অনানুষ্ঠানিক খাতের ক্ষতি এড়াতে এবং অভিবাসীদের অধিকার নিশ্চিত করতে শ্রম পরিদর্শন জোরদার করার পরিকল্পনাও করছে সরকার।
সূত্র: দি ইনডিপেনডেন্ট

বাংলাদেশ সময়: ১১:০৬:২৫ ● ২৩ বার পঠিত