শনিবার ● ২৩ মে ২০২৬

সাকিব আল হাসান এবার লঙ্কা প্রিমিয়ার লিগে

Home Page » ক্রিকেট » সাকিব আল হাসান এবার লঙ্কা প্রিমিয়ার লিগে
শনিবার ● ২৩ মে ২০২৬


ফাইল ছবি- সাকিব আল হাসান  বঙ্গনিউজ: দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার সাকিব আল হাসান এবার লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) যোগ দিচ্ছেন। সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি দল জাফনা কিংস। শুক্রবার (২২ মে) নিজেদের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দিয়েছে এলপিএল কর্তৃপক্ষ।

নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এলপিএল লিখেছে, ‘কিংসে যোগ দিলেন গ্লোবাল টি-টোয়েন্টি জাদুকর। সাকিব আল হাসান এলপিএল ২০২৬ সামনে রেখে জাফনা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।’

সাকিবের বন্দনায় ওই পোস্টে আরও লেখা হয়, ‘দলের যখন স্থিতিশীলতা প্রয়োজন, তখন রান করেন। ম্যাচে যখন একটি ব্রেকথ্রু প্রয়োজন, তখন নেন উইকেট। চাপের মুখে যখন পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছায়, তখন বজায় রাখেন চরম আত্মসংযম।’

এই তারকা ক্রিকেটারের প্রশংসায় তারা আরও লিখেছে, ‘টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ও পরিপূর্ণ একজন অলরাউন্ডারকে দলে অন্তর্ভুক্ত করে জাফনা কিংস ইতোমধ্যেই শক্তিশালী লাইনআপে আরও বাড়তি শক্তির জোগান দিলো।’

প্রসঙ্গত, এলপিএলে এর আগেও খেলেছেন সাকিব। ২০২৩ সালের আসরে গল টাইটান্সের হয়ে মাঠ মাতিয়েছিলেন তিনি। সম্প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দেখা না গেলেও, এই টুর্নামেন্টের মাধ্যমে আবারও মাঠে ফিরছেন এই বাংলাদেশি তারকা।

বাংলাদেশ সময়: ১৮:১১:৪২ ● ১৩ বার পঠিত