বঙ্গনিউজ: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার বক্তব্য মূলত রাজনৈতিক ‘স্ট্যান্ডবাজি’ ছাড়া আর কিছু নয়। আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, সত্যিকার সাহস থাকলে শেখ হাসিনার উচিত দেশে ফিরে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দেওয়া এবং আদালতের মুখোমুখি হওয়া। তার ভাষায়, শুধু বিদেশে বসে বক্তব্য দেওয়ার মাধ্যমে বাস্তবতা এড়ানো যাবে না।
রিজভী আরও বলেন, বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে এবারের ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হয়েছে। অতীতের মতো বড় ধরনের নিরাপত্তাহীনতা বা চরম যানজটের পরিস্থিতি এবার দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
সড়কে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের তৎপরতার কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে সরকার কাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও আগের চেয়ে উন্নত হয়েছে।
সরকারের প্রথম ১০০ দিনের কার্যক্রম নিয়েও কথা বলেন রিজভী। তিনি দাবি করেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং ভবিষ্যতেও জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে কাজ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপিসহ দলটির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।