ভার্জিনিয়া স্টেট সিনেটের স্বীকৃতি ও আয়োজনের সফলতায় সমৃদ্ধ বাংলা সাহিত্য উৎসব ২০২৬

Home Page » বিশ্ব » ভার্জিনিয়া স্টেট সিনেটের স্বীকৃতি ও আয়োজনের সফলতায় সমৃদ্ধ বাংলা সাহিত্য উৎসব ২০২৬
বুধবার ● ৩ জুন ২০২৬


ভার্জিনিয়া স্টেট সিনেটের স্বীকৃতি ও আয়োজনের সফলতায় সমৃদ্ধ বাংলা সাহিত্য উৎসব ২০২৬

 ওয়াশিংটন প্রতিনিধি, বঙ্গনিউজঃ  ওয়াশিংটন ডিসি মেট্রো এলাকায় অনুষ্ঠিত বাংলা সাহিত্য উৎসব ২০২৬ (বাংলা লিট ফেস্ট) প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্যচর্চার ইতিহাসে এক স্মরণীয় মাইলফলক হয়ে থাকবে। ২৯ ও ৩০ মে দুই দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন সাহিত্যপ্রেমীদের মিলনমেলার পাশাপাশি হয়ে উঠেছিল ভাষা, সংস্কৃতি, সৃজনশীলতা ও আত্মপরিচয়ের এক মহোৎসব।

দূরের রাজ্যগুলো থেকেও সাহিত্য অনুরাগীরা ছুটে এসেছিলেন ভার্জিনিয়ায়। নিউইয়র্ক বা অন্যান্য বাংলাদেশি অধ্যুষিত নগরীর স্বদেশি এলাকায় নয়, প্রাণের টানে মানুষ গন্তব্য নির্ধারণ করে সাহিত্য সম্মেলনে পৌঁছেছেন। সময়, অর্থব্যয় কিংবা দীর্ঘ পথের ক্লান্তি তাদের দমিয়ে রাখতে পারেনি। শত শত মাইল গাড়ি চালিয়ে এসেও তাদের মুখে ছিল আনন্দের উচ্ছ্বাস। বাংলা ভাষা ও সাহিত্যকে কেন্দ্র করে এমন আয়োজন প্রবাসে এক বিরল অভিজ্ঞতা হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন অনেকেই।

এবারের উৎসবের অন্যতম উল্লেখযোগ্য অর্জন ছিল ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সিনেট কর্তৃক বাংলা সাহিত্য উৎসবকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান। স্টেট সিনেটর সাদ্দাম সেলিম স্বয়ং উপস্থিত থেকে রাজ্য সিনেটের গৃহীত সিদ্ধান্ত ও সম্মাননাপত্র বাংলা সাহিত্য উৎসবের প্রতিষ্ঠাতা ও প্রধান সংগঠক কবিতা দিলওয়ারের হাতে তুলে দেন। প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্যচর্চার প্রতি এই রাষ্ট্রীয় স্বীকৃতি উপস্থিত সবার জন্য ছিল গর্ব ও আনন্দের এক বিশেষ মুহূর্ত।

বাংলা ভাষা ও সাহিত্যের ঐতিহ্য কোনো ভৌগোলিক সীমানায় আবদ্ধ নয়। পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালির হৃদয়ে বাংলা ভাষা আজও সমানভাবে জীবন্ত। সেই চেতনাকে ধারণ করেই ২৯ ও ৩০ মে আলেকজান্দ্রিয়ার ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ডব্লিউইউএসটি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এবারের উৎসব।

বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত কবি, ঔপন্যাসিক, গবেষক, শিল্পী, সাংবাদিক, প্রকাশক এবং সাহিত্যপ্রেমীদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবটি পরিণত হয় এক আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে। আয়োজকদের দক্ষ পরিকল্পনা, স্বেচ্ছাসেবকদের নিরলস শ্রম, পৃষ্ঠপোষকদের সহযোগিতা এবং দর্শকদের উৎসাহী উপস্থিতি উৎসবকে এনে দেয় অসাধারণ সাফল্য।

সাহিত্য উৎসবে বইমেলা ছিল একটি উল্লেখযোগ্য অংশ। ঢাকা থেকে আগত প্রকাশকদের পাশাপাশি স্থানীয় লেখকেরাও নিজেদের বই নিয়ে উপস্থিত ছিলেন। নিউইয়র্কের মুক্তধারা, বাতিঘর, অন্যপ্রকাশ ও প্রথম আলো উত্তর আমেরিকার স্টলে সার্বক্ষণিক ভিড় দেখা গেছে। ডিসি মেট্রো এলাকার অগ্রসর অভিবাসী গোষ্ঠীর মধ্যে বাংলা বই সংগ্রহের আগ্রহও ছিল চোখে পড়ার মতো। যারা স্টল নিয়ে অংশগ্রহণ করেছিলেন, তাদের মুখে ছিল তৃপ্তির হাসি।

সবচেয়ে স্বস্তিদায়ক বিষয় ছিল, বাংলাদেশি অভিবাসীদের যেকোনো অনুষ্ঠানে দেশীয় রাজনীতির বিতর্কের ছায়া এড়িয়ে যাওয়ার মতো কঠিন কাজটিও আয়োজকেরা সফলভাবে করতে পেরেছেন। সরকারের সমর্থক যেমন ছিলেন, তেমনি সমালোচকরাও শুধুমাত্র বাংলা সাহিত্য ও সংস্কৃতির টানে উৎসবে উপস্থিত ছিলেন। মঞ্চ ছিল সার্বক্ষণিকভাবে রাজনীতি-নিরপেক্ষ সাহিত্য আলোচনায় সমৃদ্ধ। মুক্তিযুদ্ধ থেকে জাতীয় জীবনের নানা বিষয় নিয়ে আলোচকেরা নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। লেখক, প্রকাশক ও সাংবাদিক— সবাই সুশৃঙ্খল পরিবেশে মতবিনিময় করেছেন।

উৎসবের প্রথম দিনের ‘পরিচয় ও শুভেচ্ছা বিনিময়’ অনুষ্ঠান শুরু হওয়ার আগেই সব প্রবেশপত্র বিক্রি হয়ে যায়। এটিও ছিল একটি ব্যতিক্রমী ঘটনা। সাহিত্যের অনুষ্ঠানে রীতিমতো নিবন্ধন করে মানুষের অংশগ্রহণ প্রবাসী সমাজে এ উৎসবের জনপ্রিয়তার সুস্পষ্ট প্রমাণ।

সন্ধ্যার উষ্ণ ও আন্তরিক পরিবেশে দেশ-বিদেশের অতিথি, লেখক, প্রকাশক ও সাহিত্যপ্রেমীরা একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান। এদিন বাংলা সাহিত্য উৎসবের বার্ষিক সাময়িকী ‘মন পবনের নাও’ নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। নতুন গ্রন্থের মোড়ক উন্মোচন, কবিতা পাঠ এবং সংগীত পরিবেশনা সন্ধ্যাটিকে করে তোলে প্রাণবন্ত ও স্মরণীয়।

৩০ মে শনিবার সকাল থেকে শুরু হয় মূল উৎসবের কার্যক্রম। প্রদীপ প্রজ্বলন ও ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠান সারাদিন ধরে সাহিত্য, শিল্প ও সংস্কৃতির নানা আয়োজনে মুখর ছিল।

“বাংলার বাইরে বাংলা সাহিত্য” শীর্ষক আলোচনায় প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্যচর্চার বর্তমান অবস্থা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়। “লেখকের প্রশ্ন, প্রকাশকের উত্তর” অধিবেশন লেখক ও প্রকাশকদের মধ্যে সরাসরি সংযোগ তৈরির এক কার্যকর ক্ষেত্র হিসেবে প্রশংসিত হয়।

এবারের অন্যতম আলোচিত অধিবেশন ছিল “কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাহিত্যের ভবিষ্যৎ”। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের যুগে সাহিত্য, সৃজনশীলতা ও মানবিক বোধের ভূমিকা নিয়ে অংশগ্রহণকারীরা গভীর আলোচনা করেন। “কলমের দুই ধারা: সাহিত্য ও সাংবাদিকতা” শীর্ষক আলোচনায় সাহিত্য ও গণমাধ্যমের পারস্পরিক সম্পর্ক নতুনভাবে বিশ্লেষিত হয়।

প্রবাল রশিদের সমন্বয়ে অনুষ্ঠিত সেমিনার ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। একই সঙ্গে দশটিরও বেশি নতুন গ্রন্থের পরিচিতি ও আলোচনা বাংলা সাহিত্যচর্চার সমৃদ্ধ ধারাকে নতুন করে তুলে ধরে।

“শব্দের দীপাবলি” কবিতা আসরে কবিরা নিজেদের কণ্ঠে কবিতা আবৃত্তি করেন। কবিতার সেই আবেগময় পরিবেশ উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

বাংলা সাহিত্য উৎসব ২০২৬

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল জনপ্রিয় ঔপন্যাসিক সাদাত হোসাইনের সঙ্গে পাঠকদের সরাসরি মতবিনিময়। “সাদাতের গল্পঘরে পাঠক” শীর্ষক এ অধিবেশনে লেখক তাঁর সৃষ্টিকর্ম, জীবনদর্শন ও সাহিত্যচিন্তার নানা দিক তুলে ধরেন।

সাহিত্যের পাশাপাশি নৃত্য, আবৃত্তি, শ্রুতি নাটক, সংগীত, চিত্রকলা ও ভাস্কর্য প্রদর্শনী উৎসবকে করে তোলে বহুমাত্রিক। দেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠানের বইয়ের স্টলগুলো ছিল দর্শকদের অন্যতম আকর্ষণ। নতুন বই হাতে নিয়ে পাতা উল্টানোর আনন্দ যেন প্রবাসে বাংলার ঘ্রাণ পৌঁছে দেয়।

দিনের সমাপনী পর্বে প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী অদিতি মহসিনের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা উপস্থিত দর্শকদের আবেগাপ্লুত করে। তাঁর কণ্ঠে বাংলা গানের সুর যেন হাজার মাইল দূরে থেকেও মাতৃভূমির সঙ্গে এক অদৃশ্য সেতুবন্ধন তৈরি করে। অদিতি মহসিন পরিবেশনার ফাঁকে ফাঁকে দর্শকদের সঙ্গে কথাও বলেছেন। রবীন্দ্রনাথের গানে বাঙালির আবেগময় প্রাণস্পন্দনের আবহ ছড়িয়ে ছিল পুরো অনুষ্ঠানজুড়ে। পিনপতন নীরবতায় দর্শকেরা তাঁর সুরসাধনা, কণ্ঠের শক্তি ও শিল্পীসত্তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

বাংলা সাহিত্য উৎসব প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে টিকিয়ে রাখার এক গুরুত্বপূর্ণ আন্দোলন। নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষার সৌন্দর্য পৌঁছে দেওয়া, প্রবাসী লেখকদের জন্য একটি কার্যকর মঞ্চ তৈরি করা এবং সাহিত্যচর্চার নতুন ক্ষেত্র উন্মুক্ত করাই এই উৎসবের অন্যতম বড় সাফল্য।

বিশেষ করে শিশু-কিশোরদের উপস্থিতি ও অংশগ্রহণ প্রমাণ করে যে বাংলা ভাষার প্রতি আগ্রহ এখনও জীবন্ত এবং আগামী প্রজন্মের মধ্যেও তা ছড়িয়ে দেওয়ার কাজ সফলভাবে এগিয়ে যাচ্ছে।

বাংলা সাহিত্য উৎসব ২০২৬-এর সাফল্যের পেছনে রয়েছে আয়োজক কমিটির দীর্ঘদিনের পরিকল্পনা, নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রম। কবিতা দিলওয়ারের নেতৃত্বে পুরো দলটি প্রমাণ করেছে যে আন্তরিকতা, দূরদর্শিতা ও সাংস্কৃতিক অঙ্গীকার থাকলে প্রবাসেও বৃহৎ পরিসরে বাংলা ভাষা ও সাহিত্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানের সফল উৎসব আয়োজন সম্ভব। একজন নীরব সংগঠক হিসেবে দিলওয়ার হোসেনও সার্বক্ষণিকভাবে সক্রিয় থেকে অনুষ্ঠানের নানা বিষয় তদারকি করেছেন।

ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, হাউসকলস হোমকেয়ার এবং লাভ শেয়ার বিডি ইউএসের সহযোগিতাও উৎসবের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রকৌশলী আবুবকর হানিপ  তাঁর সহকর্মী ও শুভানুধ্যায়ীদের নিয়ে উৎসবে উপস্থিত ছিলেন এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন।

বাংলা সাহিত্য উৎসব ২০২৬ শেষ হয়েছে, কিন্তু রেখে গেছে অসংখ্য স্মৃতি, নতুন সম্পর্ক, নতুন অনুপ্রেরণা এবং আগামী দিনের স্বপ্ন। ভার্জিনিয়া স্টেট সিনেটের স্বীকৃতি এই উৎসবকে শুধু মর্যাদাই দেয়নি, বরং প্রমাণ করেছে যে প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্যচর্চা এখন মূলধারার সাংস্কৃতিক আলোচনায়ও গুরুত্বপূর্ণ স্থান করে নিচ্ছে।

ভার্জিনিয়া স্টেট সিনেটের স্বীকৃতি ও আয়োজনঃ বাংলা সাহিত্য উৎসব ২০২৬

প্রবাসের মাটিতে বাংলা ভাষার এই দীপশিখা আগামী দিনেও আরও উজ্জ্বল হয়ে জ্বলবে— এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন অংশগ্রহণকারী ও দর্শনার্থীরা। বাংলা সাহিত্য উৎসব আজ শুধু একটি অনুষ্ঠান নয়; এটি প্রবাসী বাঙালির সাংস্কৃতিক পরিচয়, আত্মমর্যাদা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভাষার উত্তরাধিকার পৌঁছে দেওয়ার এক অনন্য অঙ্গীকার।

বাংলাদেশ সময়: ১১:২৩:০০ ● ৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ