বৃহস্পতিবার ● ৪ জুন ২০২৬
টানা তৃতীয়বারের মতো নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ, কারিশমা ঋতুপর্ণার
Home Page » জাতীয় » টানা তৃতীয়বারের মতো নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ, কারিশমা ঋতুপর্ণার
বঙ্গনিউজ: নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। প্রথমার্ধের শেষ মুহূর্তে ঋতুপর্ণা চাকমার সরাসরি কর্নার থেকে করা বিরল গোলটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষ পর্যন্ত ২-১ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের মেয়েরা।
ভারতের গোয়ার মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সেমিফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেপাল। ম্যাচের ২৩ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে লক্ষ্যভেদ করে নেপালকে এগিয়ে নেন গীতা রানা। গোল হজম করে কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধের বেশিরভাগ সময় রক্ষণ সামলাতেই ব্যস্ত থাকতে হয় ঋতুপর্ণা-আফঈদাদের।
তবে বিরতির ঠিক আগে যোগ করা সময়ে দেখা মেলে এক জাদুকরী মুহূর্তের। কর্নার কিক থেকে সরাসরি বল জালে পাঠিয়ে বিরল এক ‘অলিম্পিক গোল’ করেন ঋতুপর্ণা চাকমা। তার এই অবিশ্বাস্য গোলটি মুহূর্তেই ম্যাচের দৃশ্যপট বদলে দেয় এবং বিরতির আগে বাংলাদেশ ১-১ সমতায় ফেরে। এই গোলের মাধ্যমেই ম্যাচে আত্মবিশ্বাস ফিরে পায় বাংলাদেশ দল।
দ্বিতীয়ার্ধেও লড়াই ছিল সমানে সমান। ম্যাচের ৬৯ মিনিটে নেপালের সারু লিম্বুর একটি শট লক্ষ্যভ্রষ্ট হয় এবং গোলরক্ষক মিলির কয়েকটি দুর্দান্ত সেভ বাংলাদেশকে ম্যাচে টিকিয়ে রাখে। নির্ধারিত ৯০ মিনিট শেষেও যখন খেলা সমতায় ছিল, তখন যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে নাটকীয় মোড় নেয় ম্যাচটি। সাগরিকার দারুণ এক গোলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ের ফলে আরও একবার শিরোপার খুব কাছে পৌঁছে গেল লাল-সবুজের মেয়েরা। ![]()
বাংলাদেশ সময়: ৮:২৭:৪১ ● ১৭ বার পঠিত