বুধবার ● ১০ জুন ২০২৬

হেলিকপ্টার ভূপাতিতের জবাবে ইরানে মার্কিন হামলা

Home Page » প্রথমপাতা » হেলিকপ্টার ভূপাতিতের জবাবে ইরানে মার্কিন হামলা
বুধবার ● ১০ জুন ২০২৬


হেলিকপ্টার ভূপাতিতের জবাবে ইরানে মার্কিন হামলা

হরমুজ প্রণালিতে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিতের পাল্টা জবাবে ইরানে সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই হামলা পরিচালনা করে। হামলার পরপরই ইরানের পারস্য উপসাগর উপকূলবর্তী অঞ্চল এবং হরমুজ প্রণালিতে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

সেন্টকম এক্স-এ জানায়, মার্কিন বিমানবাহিনী ও নৌবাহিনীর যুদ্ধবিমান থেকে নির্ভুল গোলাবারুদ ব্যবহার করে হরমুজ প্রণালির নিকটবর্তী ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ভূমি নিয়ন্ত্রণ কেন্দ্র এবং নজরদারি রাডার সাইটগুলোতে হামলা চালানো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসও নিশ্চিত করেছে, হামলায় ইরানের প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পারস্য উপসাগর উপকূলের বন্দর আব্বাস, কিশম ও সিরিকে বিস্ফোরণ ঘটেছে।

গত সোমবার হরমুজ প্রণালিতে মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইরানি সেনারা হেলিকপ্টারটি ভূপাতিত করেছে এবং সেটি ওমান উপসাগরে গিয়ে পড়েছে। পরে জানা যায়, ইরান শাহিদ ড্রোন ব্যবহার করে কয়েক মিলিয়ন ডলারের এই হেলিকপ্টারটি ভূপাতিত করেছে। তবে এটি ইচ্ছাকৃত ছিল না দুর্ঘটনাবশত, তা এখনো নিশ্চিত নয়।
হেলিকপ্টারের দুই ক্রু সমুদ্রে পড়ে গেলে সামুদ্রিক ড্রোন পাঠিয়ে তাদের উদ্ধার করা হয় — যা ড্রোন দিয়ে সেনা উদ্ধারের ইতিহাসে প্রথম ঘটনা। ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান, দুই পাইলট সুস্থ আছেন।

হামলার প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, “যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে সেটির জবাব অবশ্যই দেওয়া হবে। যুদ্ধক্ষেত্রে পরাজয়ের পরও তারা আমাদের দৃঢ় সংকল্পকে পরীক্ষা করতে চায়।” মার্কিনিদের উদ্দেশে তিনি বলেন, “যদি নিরাপদ থাকতে চান, আমাদের অঞ্চল থেকে চলে যান।”

বাংলাদেশ সময়: ১১:০৫:৫২ ● ২২ বার পঠিত