বৃহস্পতিবার ● ১১ জুন ২০২৬
শুরু হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ
Home Page » খেলা » শুরু হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপঅবশেষে শেষ হচ্ছে ফুটবলপ্রেমীদের দীর্ঘ চার বছরের অপেক্ষা। বৃহস্পতিবার পর্দা উঠছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর—ফিফা বিশ্বকাপ ২০২৬-এর। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া এবারের আসর ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে ফুটবল ইতিহাসে ‘সবচেয়ে বড় বিশ্বকাপ’ হিসেবে।
বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম তিনটি ভিন্ন দেশ যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন করছে। একই সঙ্গে পৃথক ভেন্যুতে ও স্বাগতিকদের নিজস্ব সাংস্কৃতিক উপস্থাপনার মধ্য দিয়ে শুরু হবে উদ্বোধনী আয়োজন, যা এবারের বিশ্বকাপকে দিয়েছে আলাদা মাত্রা।
১৬টি ভেন্যুতে রেকর্ড ১০৪ ম্যাচের এই বৈশ্বিক ফুটবল মহোৎসব শুরু হবে ১১ জুন মেক্সিকোর ম্যাচ দিয়ে। আর পর্দা নামবে আগামী ১৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিত ফাইনালের মাধ্যমে। এক মাসের বেশি সময় ধরে বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর নজর থাকবে উত্তর আমেরিকার তিন দেশে।
এর আগে যুক্তরাষ্ট্র ১৯৯৪ সালে এবং মেক্সিকো ১৯৭০ ও ১৯৮৬ সালে বিশ্বকাপ আয়োজন করেছিল। তবে কানাডার জন্য এটি প্রথম বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা। আয়োজক দেশগুলোর সংস্কৃতি, ঐতিহ্য ও বৈচিত্র্যকে তুলে ধরতে বিশেষ উদ্বোধনী পরিকল্পনা নেওয়া হয়েছে।
আয়োজকদের তথ্যমতে, প্রতিটি স্বাগতিক দেশের প্রথম ম্যাচের আগে নিজস্ব সাংস্কৃতিক উপস্থাপনা থাকবে। মেক্সিকো তাদের ঐতিহ্যবাহী শিল্প ও লোকসংস্কৃতি তুলে ধরবে, কানাডা উপস্থাপন করবে বহুসাংস্কৃতিক পরিচয়, আর যুক্তরাষ্ট্র আয়োজন করবে আধুনিক প্রযুক্তিনির্ভর আলোকসজ্জা ও বিনোদনমূলক পরিবেশনা।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে বলেছেন, ফুটবল, সংস্কৃতি ও সংগীতের সমন্বয়ে এবারের বিশ্বকাপ শুধু ক্রীড়া আয়োজন নয়, বরং বৈশ্বিক ঐক্যেরও প্রতীক হয়ে উঠবে।
এবারের বিশ্বকাপ ঘিরে দর্শকদের আগ্রহও তুঙ্গে। টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি সম্প্রচার করা হবে উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচগুলো। আয়োজকদের আশা, স্টেডিয়ামগুলোতে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতির পাশাপাশি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ অনলাইনে এই আয়োজন উপভোগ করবেন।
তবে বিশ্বকাপের উত্তেজনার পাশাপাশি কিছু চ্যালেঞ্জও মোকাবিলা করতে হচ্ছে আয়োজকদের। নিরাপত্তা, অতিরিক্ত ভিড়, ট্রাফিক ব্যবস্থাপনা এবং বড় শহরগুলোর লজিস্টিক সমন্বয়ে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি রাখা হয়েছে।
সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার থেকেই শুরু হবে এক মাসব্যাপী ফুটবল উন্মাদনা। আর ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ ঘিরে নতুন গল্প, নতুন নায়ক আর নতুন স্মৃতির অপেক্ষায় থাকবে পুরো ফুটবল বিশ্ব।
বিশ্বকাপের বিস্তারিত সময় সূচি:
বাংলাদেশ সময়: ১২:৩৭:২৯ ● ২৮ বার পঠিত