মঙ্গলবার ● ২৩ জুন ২০২৬

ক্লোসার রেকর্ড ভাঙলেন মেসি, বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ১৭ গোল

Home Page » খেলা » ক্লোসার রেকর্ড ভাঙলেন মেসি, বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ১৭ গোল
মঙ্গলবার ● ২৩ জুন ২০২৬


আর্জেন্টিনার জয়ের নায়ক লিওনেল মেসি

পেনাল্টি মিস দিয়ে শুরু, আর ক্লোসার রেকর্ড ভেঙে শেষ — এই বৈচিত্র্যময় যাত্রাই যেন মেসির ফুটবল জীবনের প্রতীক। অস্ট্রিয়ার বিপক্ষে আজকের ম্যাচে দুর্দান্ত এক জোড়া গোল করে বিশ্বকাপের ইতিহাসে জার্মানির মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন লিওনেল মেসি। এই বিশ্বকাপে আর্জেন্টিনার করা পাঁচটি গোলের সবকটিই এসেছে তাঁর পা থেকে।

প্রথমে শট নিয়েছিলেন হুলিয়ান আলভারেস। অস্ট্রিয়ান গোলরক্ষক বাধা দিলে ফিরতি বল পান মেসি। প্রথম চেষ্টায় ব্যর্থ হলেও পরের শটে ঠিকই খুঁজে নেন জালের ঠিকানা। পুরো দৃশ্যটা কাছ থেকে দেখা আলভারেস ম্যাচ শেষে বলেন, “মেসি যা করেছে, তা বোঝানোর মতো কোনো শব্দই নেই।”

শুরুটা অবশ্য ভালো ছিল না। মাত্র পাঁচ মিনিটের মাথায় পাওয়া পেনাল্টি মিস করেন মেসি। ম্যাচ শেষে তিনি বলেন, “পেনাল্টিটা মিস করার পর কিছুক্ষণ আমি ভীষণ বিরক্ত ছিলাম; কিন্তু পরে সেটা পুষিয়ে নিতে পেরেছি।”

আগের ম্যাচে আলজেরিয়াকে ৩-০ এবং আজ অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। মেসি বলেছেন, “গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কোয়ালিফাই করেছি। সব কটি ম্যাচ জেতা আমাদের পরিকল্পনায় ছিল। পুরো দলটাই অনেক আনন্দ নিয়ে থাকে।”
সমর্থকদের উদ্দেশে তিনি প্রতিশ্রুতি দিলেন আরও বড় কিছুর, “আমরা তাদের আরও আনন্দ দেওয়ার চেষ্টা করব।”

এমন দিনে বিবিসি রেডিওতে ফ্রান্সের সাবেক তারকা অলিভার জিরো বললেন, “লিওনেল মেসি বয়সের সঙ্গে সঙ্গে যেন আরও দুর্দান্ত হয়ে উঠছেন। ঠিক সময়ে, ঠিক জায়গায় নিজেকে হাজির করার অসাধারণ ক্ষমতা আছে তাঁর। আর যখন গোল করছেন না, তখন খেলার মাঝখান থেকে সুযোগ তৈরি করছেন, খেলার গতি ও ছন্দ নিয়ন্ত্রণ করছেন।”

রেকর্ড ভাঙা হলো, নকআউট নিশ্চিত হলো — এখন পুরো ফুটবল বিশ্বের চোখ মেসির পরের গল্পের দিকে।

বাংলাদেশ সময়: ১০:৪৭:২২ ● ১৬ বার পঠিত