মঙ্গলবার ● ৩০ জুন ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ ইনুর রায়
Home Page » জাতীয় » জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ ইনুর রায়২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজ রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের অনুমতি সাপেক্ষে রায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে। এ তথ্য নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।
গত ২২ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলার রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করেন। এর আগে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ১৪ মে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম এবং ফারুক আহাম্মদ। অন্যদিকে আসামিপক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ও সিফাত মাহমুদ।
বহুল আলোচিত এই মামলার রায়কে ঘিরে রাজনৈতিক ও আইন অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। রায়ের পর মামলার পরবর্তী আইনি কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট মহলের নজর থাকবে।
বাংলাদেশ সময়: ৯:৪২:১২ ● ২৬ বার পঠিত