বৃহস্পতিবার ● ৯ জুলাই ২০২৬

তিন নতুন উপজেলা গঠন করল সরকার, জারি হলো প্রজ্ঞাপন

Home Page » জাতীয় » তিন নতুন উপজেলা গঠন করল সরকার, জারি হলো প্রজ্ঞাপন
বৃহস্পতিবার ● ৯ জুলাই ২০২৬


তিন নতুন উপজেলা গঠন করল সরকার, জারি হলো প্রজ্ঞাপন

দেশের প্রশাসনিক কাঠামো আরও কার্যকর ও জনসেবামুখী করতে তিনটি নতুন উপজেলা গঠন করেছে সরকার। চট্টগ্রামের ফটিকছড়ি, ময়মনসিংহের গফরগাঁও এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার অংশবিশেষ নিয়ে নতুন তিনটি উপজেলার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বুধবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভার সিদ্ধান্তের ভিত্তিতে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন—বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠন করা হয়েছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রয়োজনীয় অফিস সেটআপ অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার মশাখালী, পাঁচবাগ, উস্থি, লংগাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারী ও টাংগাব—এই আটটি ইউনিয়নের সমন্বয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ নামে নতুন উপজেলা গঠন করা হয়েছে। এখানেও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অফিস সেটআপ অনুমোদন পেয়েছে।

অন্যদিকে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার শ্রীকাইল, আকুবপুর, আন্দিকোট, পূর্বধৈইর (পূর্ব), পূর্বধৈইর (পশ্চিম), বাঙ্গরা (পূর্ব), বাঙ্গরা (পশ্চিম), চাপিতলা, রামচন্দ্রপুর (উত্তর) ও টনকী—এই ১০টি ইউনিয়ন নিয়ে ‘বাঙ্গরা’ নামে নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। নতুন উপজেলার জন্যও প্রয়োজনীয় সরকারি অফিস স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

সরকারের এই উদ্যোগের ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রশাসনিক কার্যক্রম আরও বিকেন্দ্রীকরণ হবে এবং স্থানীয় জনগণ সরকারি সেবা দ্রুত ও সহজভাবে পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। নতুন উপজেলা গঠনের মাধ্যমে উন্নয়ন কার্যক্রমের গতি বাড়বে এবং স্থানীয় পর্যায়ে প্রশাসনিক দক্ষতাও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩:০০:২২ ● ১৫ বার পঠিত