শুক্রবার ● ১০ জুলাই ২০২৬
ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে সহিংসতা ও প্রাণহানি, হাইকোর্টে রিট
Home Page » জাতীয় » ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে সহিংসতা ও প্রাণহানি, হাইকোর্টে রিট
বঙ্গনিউজ: ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে সহিংসতা, প্রাণহানি, শব্দদূষণ ও জনদুর্ভোগ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে বিশ্বকাপ উপলক্ষে বড় পর্দায় খেলা প্রদর্শন ও উদযাপনের জন্য নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ, আতশবাজি ও লাউডস্পিকারের ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন এবং রাত ১১টার পর উচ্চ শব্দে উদযাপন বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে।
গতকাল সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম হাইকোর্টে এ রিট দায়ের করেন। রিট আবেদনে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বকাপকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি গভীর রাত পর্যন্ত আতশবাজি ও উচ্চ শব্দে উদযাপনের কারণে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিসহ সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
আবেদনের সঙ্গে বিশ্বকাপকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনা সংক্রান্ত বিভিন্ন সংবাদও সংযুক্ত করা হয়েছে। এসব প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পছন্দের দলকে ঘিরে বিরোধ, তর্ক-বিতর্ক ও সমর্থকদের সংঘর্ষের জেরে দেশের বিভিন্ন স্থানে প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে।
রিটে আরও বলা হয়, খেলা দেখানোর জন্য যেসব স্থানে বড় পর্দার আয়োজন করা হচ্ছে, সেখানে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর নজরদারি প্রয়োজন।
এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব স্থানে বড় পর্দায় বিশ্বকাপের খেলা সম্প্রচার করা হবে, সেসব এলাকায় বিশেষ নজরদারি রাখা হবে।
সমাজ ও অপরাধ বিশ্লেষকদের মতে, খেলাধুলা বিনোদনের অংশ হলেও জয়-পরাজয় স্বাভাবিকভাবে মেনে নেওয়ার সংস্কৃতির অভাব থেকেই অনেক সময় সমর্থকদের মধ্যে উত্তেজনা সহিংসতায় রূপ নেয়। তাই সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগও জরুরি।
সর্বশেষ কুমিল্লায় বিশ্বকাপকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক ব্রাজিল সমর্থকের মৃত্যুর ঘটনায় দেশে প্রাণহানির সংখ্যা আরও বেড়েছে।
বাংলাদেশ সময়: ৮:২২:৪৩ ● ১০ বার পঠিত