শনিবার ● ১১ জুলাই ২০২৬
রাজধানীতে শীতলপাটি’ প্রদর্শনীর আয়োজন
Home Page » জাতীয় » রাজধানীতে শীতলপাটি’ প্রদর্শনীর আয়োজন![]()
বাংলার লোকঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ শীতলপাটিকে সমকালীন শিল্প ও নকশার ভাষায় নতুনভাবে উপস্থাপন করে রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘শীতলপাটি’ প্রদর্শনী। বৃহস্পতিবার ধানমন্ডির সফিউদ্দিন শিল্পালয়ে শুরু হওয়া এ প্রদর্শনী আয়োজন করেছেন ফ্যাশন ডিজাইনার এমডি ফয়সাল। দীর্ঘদিনের গবেষণা ও সৃজনশীল অনুসন্ধানের ভিত্তিতে তিনি শীতলপাটির ঐতিহ্য, বুননশৈলী ও নান্দনিকতাকে সমকালীন শিল্পচর্চার সঙ্গে নতুনভাবে তুলে ধরেছেন। দুপুর ১২টায় প্রদর্শনীর উদ্বোধন করেন মমতাজ সুলতানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী ও গবেষক শাওন আকন্দ, শীতলপাটি কারুশিল্পী শ্রী কালা চাঁদ দাস এবং আরতি রানী দাস। প্রদর্শনীটি শনিবার পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
প্রায় ২৫ বছর ধরে ফ্যাশন ডিজাইনেরবুননশৈলী, নকশা, ইতিহাস ও শিল্পভাষাকে সমকালীন ফ্যাশন, শিল্প ও নকশার সঙ্গে যুক্ত করে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন। প্রদর্শনীতে স্থান পেয়েছে সেই গবেষণা ও সৃজনশীল কাজের নির্বাচিত অংশ। শীতলপাটির ঐতিহ্যবাহী বুনন ও নকশাকে আধুনিক শিল্পভাষায় রূপান্তরের বিভিন্ন প্রয়াস প্রদর্শিত হয়েছে।
ফয়সাল বলেন, এটি শুধু একটি শিল্পপ্রদর্শনী নয়, বরং নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্যকে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরার একটি আন্তরিক উদ্যোগ।
বাংলাদেশের শীতলপাটির বুননশিল্পকে ইউনেসকো মানবজাতির অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। সেই ঐতিহ্যের ধারক কারুশিল্পীদের অবদানকে তুলে ধরতে প্রদর্শনীতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে রাখা হয়েছে লাইভ শীতলপাটি বুনন প্রদর্শনী, যেখানে দর্শনার্থীরা সরাসরি শীতলপাটি তৈরির পুরো প্রক্রিয়া এবং এর সূক্ষ্ম কারুশিল্প কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৬:৩৪:৪৯ ● ১১ বার পঠিত