শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬
ভূমিধসের জন্য সতর্কতা জারি জাপানে
Home Page » বিশ্ব » ভূমিধসের জন্য সতর্কতা জারি জাপানে![]()
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইয়াকুশিমা দ্বীপে টানা ভারি বৃষ্টির কারণে ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় শনিবার ভোরে ইয়াকুশিমা শহরে সর্বোচ্চ পর্যায়ের লেভেল-৫ জরুরি ভূমিধস সতর্কতা জারি করে জাপান আবহাওয়া সংস্থা।জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত টাইফুন ক্রোভান ও একটি ক্রান্তীয় নিম্নচাপের প্রভাবে ইয়াকুশিমায় দফায় দফায় ভারি বৃষ্টি হয়। পরে শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে সতর্কতা লেভেল-৪-এ নামিয়ে আনা হয়। তবে ভূমিধসের ঝুঁকি থাকায় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
ইয়াকুশিমার ওনোয়াইদা এলাকায় শনিবার ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৯০ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।এটি ওই এলাকার সর্বোচ্চ রেকর্ড। এ ছাড়া শনিবার রাত সাড়ে ১২টার কিছু পর সর্বোচ্চ তাৎক্ষণিক বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ৯৩ কিলোমিটার রেকর্ড করা হয়। জাপান আবহাওয়া সংস্থা জানায়, টাইফুন ক্রোভান ওকিনাওয়ার উত্তরের সমুদ্রে অবস্থান করছে। আর একটি ক্রান্তীয় নিম্নচাপ রয়েছে ওকিনাওয়ার দক্ষিণ-পূর্বের সমুদ্র এলাকায়।সংস্থাটির পূর্বাভাস বিভাগের পরিচালক তাকুয়া হোসোমি বলেন, টাইফুন ও ক্রান্তীয় নিম্নচাপের প্রভাবে দক্ষিণ-পূর্ব দিক থেকে উষ্ণ ও আর্দ্র বাতাস ইয়াকুশিমার দিকে প্রবাহিত হচ্ছে। এই বাতাস পূর্ব দিকের বাতাসের সঙ্গে মিলিত হয়ে শক্তিশালী বজ্রগর্ভ মেঘ তৈরি করছে। এর ফলে ইয়াকুশিমায় ভারি বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া সংস্থা জানিয়েছে, রবিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দক্ষিণ কিউশুতে সর্বোচ্চ ২০০ মিলিমিটার এবং কাগোশিমার আমামি দ্বীপপুঞ্জে ১৮০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এ ছাড়া তোকাই অঞ্চলে ১০০ মিলিমিটার এবং ওকিনাওয়া, পশ্চিম কিনকি ও পূর্ব-মধ্য কান্টো-কোশিন অঞ্চলে ৮০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।এদিকে অতিরিক্ত বৃষ্টির কারণে ইয়াকুশিমায় দুর্যোগ মোকাবেলায় দুর্যোগ ত্রাণ আইন কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে কাগোশিমা প্রিফেকচারাল সরকার। জাপানের ক্যাবিনেট অফিস শনিবার এ তথ্য জানায়। এই আইনের আওতায় ক্ষতিগ্রস্তদের জন্য আশ্রয়কেন্দ্র স্থাপনসহ বিভিন্ন জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে।
এসব কার্যক্রমের খরচ কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার বহন করবে। রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে ইয়াকুশিমায় এখনো ভূমিধসের ঝুঁকি রয়েছে। তাই বাসিন্দাদের সতর্ক থাকতে এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:০২:৪৫ ● ১৯ বার পঠিত