সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬
পিতা-মাতার আইনি ও সামাজিক সুরক্ষা আইন পাস
Home Page » জাতীয় » পিতা-মাতার আইনি ও সামাজিক সুরক্ষা আইন পাস
বঙ্গনিউজ: বৃদ্ধ বয়সে পিতা-মাতার আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সন্তানকে সম্পত্তি দান করার পরও আজীবন ভোগদখলের অধিকার বহাল রেখে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। রবিবার সংসদ অধিবেশনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
নতুন এই আইনের বিধান অনুযায়ী, পিতা-মাতা কিংবা দাদা-দাদি তাদের সন্তান বা নাতি-নাতনিকে অথবা স্বামী-স্ত্রীর মধ্যে সম্পত্তি দান করার পরও দাতা জীবিত থাকা পর্যন্ত তা ভোগের পূর্ণ অধিকার বজায় রাখতে পারবেন। এমনকি দাতার জীবদ্দশায় দানগ্রহীতার মৃত্যু হলেও দাতার ভোগাধিকার অক্ষুণ্ণ থাকবে এবং পরবর্তীতে আইন অনুযায়ী তা গ্রহীতার ওয়ারিশদের অধীনে স্থানান্তরিত হবে।
বিলের উদ্দেশ্য ও কারণ তুলে ধরে আইনমন্ত্রী জানান, বিদ্যমান আইনে সম্পত্তি হস্তান্তরের ব্যবস্থা থাকলেও দাতার জীবদ্দশায় ভোগাধিকার সংরক্ষণের কোনো সুনির্দিষ্ট আইনি রূপরেখা ছিল না। এই সংশোধনী সব ধর্মাবলম্বীর জন্য সমভাবে প্রযোজ্য হবে এবং এটি প্রচলিত সাধারণ দান, মুসলিম আইনের হেবা বা অন্য কোনো সম্পত্তি হস্তান্তরের নিয়মের সঙ্গে সাংঘর্ষিক হবে না।
তবে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান আইনটির বিরোধিতা করে এটি ধর্মীয় মূলনীতির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক বলে দাবি করেন। তিনি প্রশ্ন তোলেন, ধর্মীয় মূল কাঠামোর বাইরে গিয়ে এমন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে কি না। আইনমন্ত্রী এর জবাবে বলেন, অসহায় পিতা-মাতার জীবনমান সুরক্ষিত রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তীতে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বিলটি ভোটে দিলে বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।
বাংলাদেশ সময়: ৬:০৭:৩৪ ● ১৫ বার পঠিত