সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬
প্রতিটি নাগরিকের ওপর গড়ে ১ লাখ ২৯ হাজার ঋণের দায় !
Home Page » অর্থ ও বানিজ্য » প্রতিটি নাগরিকের ওপর গড়ে ১ লাখ ২৯ হাজার ঋণের দায় !
বঙ্গনিউজ: দেশের প্রতিটি নাগরিকের ওপর বর্তমানে গড়ে ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকার বেশি ঋণের আর্থিক দায় রয়েছে। জাতীয় সংসদ অধিবেশনে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদের লিখিত প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ পরিসংখ্যান তুলে ধরেন।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে রবিবারের অধিবেশনে অর্থমন্ত্রী উল্লেখ করেন, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত হিসাবে দেশে মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ২৩৯ দশমিক ১৯ টাকা।
ঋণের সার্বিক বোঝা নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ তুলে ধরে অর্থমন্ত্রী জানান, সরকার রাজস্ব আহরণ বৃদ্ধি, সরকারি অর্থের সুষ্ঠু ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং ঋণ ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল করার ওপর জোর দিচ্ছে।
একই অধিবেশনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর পুঞ্জীভূত খেলাপি ঋণের হিসাবও উপস্থাপন করা হয়। বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ৩০ জুন পর্যন্ত দেশের সরকারি মালিকানাধীন ছয় ব্যাংকে মোট খেলাপি ঋণের অঙ্ক ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা।
ব্যাংকভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, রাষ্ট্রীয় ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে, যার পরিমাণ ৭৫ হাজার ৩৯৬ কোটি ৬৭ লাখ টাকা। এছাড়া অগ্রণী ব্যাংক পিএলসিতে ২৯ হাজার ২৯ কোটি ৬৭ লাখ টাকা, রূপালী ব্যাংক পিএলসিতে ১৯ হাজার ২৮১ কোটি ৭৪ লাখ টাকা এবং সোনালী ব্যাংক পিএলসিতে ১৫ হাজার ৪৮ কোটি ৩৯ লাখ টাকার খেলাপি ঋণ রয়েছে। অন্যদিকে বেসিক ব্যাংক পিএলসিতে ৮ হাজার ১৩১ কোটি টাকা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে (বিডিবিএল) খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ৮৮ কোটি ৭৯ লাখ টাকা।বাংলাদেশ সংবাদ
বাংলাদেশ সময়: ৬:২২:২৯ ● ১৩ বার পঠিত