শনিবার ● ১২ সেপ্টেম্বর ২০২৬

আট বিভাগে রয়েছে কবীর-লালনের ভাবের মেলা

Home Page » সংবাদ শিরোনাম » আট বিভাগে রয়েছে কবীর-লালনের ভাবের মেলা
শনিবার ● ১২ সেপ্টেম্বর ২০২৬


আট বিভাগে রয়েছে কবীর-লালনের ভাবের মেলা

 

 

ভক্ত কবীর জাতে জোলা, প্রেমভক্তিতে মাতোয়ালা, ধরেছে সে ব্রজের কালা, দিয়ে সর্বস্ব ধন তাই’-ফকির লালন শাহর এই বাণীকে শীর্ষবিন্দু করে রাজধানীর শিল্পকলা একাডেমির মাঠে শুরু হলো আট বিভাগব্যাপী ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’। লোকজ সুর, সাধনার দর্শন, আর মানবপ্রেমের বাণী নিয়ে গতকাল শুরু হওয়া উৎসবটি আগামী ৩০ অক্টোবর পর্যন্ত দেশের আট বিভাগে ছড়িয়ে পড়বে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং লালন বিশ্বসংঘের আয়োজনে এ উৎসব উদ্বোধন করেন সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সম্মানিত অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মিজানুর রহমান।

স্বাগত বক্তব্য দেন লালন বিশ্বসংঘের প্রধান নির্বাহী ও কবীর-লালন গবেষক আবদেল মাননান। তিনি বলেন, ‘সন্ত কবীর ও লালন সাঁই দুজন একই নদীর দুই তীর।’ উৎসবটি বাংলাদেশের বিশিষ্ট সুফি সাধক সৈয়দ সদর উদ্দিন আহমেদ চিশতীর প্রতি উৎসর্গ করা হয়েছে।

অনুষ্ঠানে কবীর-লালনের দর্শন ও ভাবধারা নিয়ে নানামাত্রিক আলোচনায় অংশ নেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্বের অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রিয়াঙ্কা গোপ, ফারসি ভাষা ও সাহিত্যের অধ্যাপক ড. আহসানুল হাদী, লালনপন্থি সাধক ফকির আবুল হোসেন শাহ, শ্রীমঙ্গলের কবীরপন্থি সাধক নিঝুম পাইনকা, গুরুদুয়ারা নানকশাহীর ডা. এমকে রায় এবং গবেষক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।

অধ্যাপক ড. আহসানুল হাদী বলেন, কবীর ও লালন শুধু কবি নন, তারা মানবতা ও একেশ্বরবাদী দর্শনের সাধক। তাদের গানে-সাধনায় মানুষের সঙ্গে মানুষের, মানুষের সঙ্গে স্রষ্টার প্রেমের কথা উঠে এসেছে। লালন সাঁইয়ের গান ও সুফি সংগীতচর্চায় বাধা দেওয়ার প্রবণতারও তিনি প্রতিবাদ জানান।

উদ্বোধনী পর্ব শেষে মঞ্চজুড়ে বেজে ওঠে কবীর-লালনের ভাবসংগীত। মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে আগত কবীরপন্থি সম্প্রদায়, ঢাকার রবিদাসপন্থি সম্প্রদায়, নানকপন্থি শিখ সম্প্রদায়, ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ এবং কবীর-লালন মিউজিক্যাল মিশনের শিল্পীরা পরিবেশন করেন সাধন-ভজনের গান।

রাজধানীর বাইরে এই ভাবসংগীতের আসর অনুষ্ঠিত হবে ১৮ সেপ্টেম্বর বরিশাল, ১৯ সেপ্টেম্বর খুলনা, ২৫ সেপ্টেম্বর ময়মনসিংহ, ২ অক্টোবর রাজশাহী, ৪ অক্টোবর রংপুর, ২৩ অক্টোবর চট্টগ্রাম এবং ৩০ অক্টোবর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।

বাংলাদেশ সময়: ১২:৩০:৩৮ ● ১৮ বার পঠিত