বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬

অনির্দিষ্টকালের জন্য ২১০টি পোশাক কারখানা বন্ধের প্রস্তুতি

Home Page » অর্থ ও বানিজ্য » অনির্দিষ্টকালের জন্য ২১০টি পোশাক কারখানা বন্ধের প্রস্তুতি
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬


সংগৃহীত ছবি- পোশা ম্রমিকদের বিক্ষোভ  বঙ্গনিউজ: কারখানায় প্রবেশ করে হাজিরা দিয়ে শ্রমিকদের কাজ না করার প্রেক্ষাপটে শ্রম আইনের ১৩(১) ধারা প্রয়োগ করে অনির্দিষ্টকালের জন্য ২১০টি পোশাক কারখানা বন্ধের প্রস্তুতি নিচ্ছেন শিল্পমালিকেরা। সাভার ও আশুলিয়া এলাকার শ্রমিক অসন্তোষ নিরসন না হওয়ায় জরুরি বৈঠকে মালিকেরা এই প্রাথমিক পদক্ষেপ নেন। আগামী শনিবার তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সব সদস্যের উপস্থিতিতে নির্ধারিত সভায় এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে।

বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে বেআইনি ধর্মঘট ঘটলে নিয়োগকর্তা সংশ্লিষ্ট শাখা বা সম্পূর্ণ প্রতিষ্ঠান বন্ধ করে দিতে পারেন। এই ধারার প্রয়োগ ঘটলে ‘কাজ নেই, মজুরি নেই’ নীতি কার্যকর হয়, যার ফলে কারখানা বন্ধ থাকাকালীন শ্রমিকদের মজুরি পাওয়ার সুযোগ থাকে না। সংকট চলাকালে ইতোমধ্যে আশুলিয়া ও সংলগ্ন এলাকার বেশ কয়েকটি কারখানা এই ধারার আওতায় নোটিশ দিয়ে কার্যক্রম বন্ধ করেছে।

বৈঠকে অংশ নেওয়া স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম জানান, সভায় উপস্থিত নেতাদের মতামতের ভিত্তিতে আশুলিয়াসহ অসন্তোষপ্রবণ অঞ্চলের ২১০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

শনিবার সদস্য কারখানাগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তিনি আরও উল্লেখ করেন, কমপ্লায়েন্সের শর্ত এবং অন্যান্য কারখানায় কাজের বাড়তি চাপ থাকায় চাইলেই সাবকন্ট্রাক্টে উৎপাদন স্থানান্তর সম্ভব নয়। দীর্ঘমেয়াদে কারখানা বন্ধ থাকলে আকাশপথে চড়া খরচে পণ্য পাঠাতে হতে পারে, এমনকি বিদেশি ক্রেতাদের ক্রয়াদেশ বাতিলের ঝুঁকি তৈরি হবে।

বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ রাশেদ বলেন, শ্রমিকদের একটি অংশ কারখানায় গিয়ে কাজ না করে ভাঙচুর চালাচ্ছে, অথচ একই সময়ে নতুন মজুরি কাঠামো নিয়ে আলোচনা এগোচ্ছে। দুটি প্রক্রিয়া কখনো একসঙ্গে চলতে পারে না। কোনো কোনো কারখানা টানা ১১ দিন ধরে উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কারখানা সচল না থাকলে মালিকেরা কীভাবে শ্রমিকদের বেতন পরিশোধ করবেন।

এদিকে আশুলিয়া, জামগড়া ও হেমায়েতপুর এলাকায় বুধবারও ১৪৩টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। নাম প্রকাশ না করার শর্তে বিজিএমইএর এক নেতা জানান, সকালে অর্ধশত কারখানায় কাজ বন্ধ হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই সংখ্যা ১৪০ ছাড়িয়ে যায়। কিছু কারখানায় শ্রমিকেরা ভেতরে প্রবেশ করলেও উৎপাদন প্রক্রিয়ায় অংশ না নিয়ে বেরিয়ে যান।

সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে হা-মীম, নিউ এজ, অনন্ত গার্মেন্টস, স্টার্লিং, এনভয়, ইসলাম ও ডেকোসহ বড় বড় রপ্তানিমুখী প্রতিষ্ঠান রয়েছে। বিজিএমইএর হিসাব অনুযায়ী, এই শিল্পাঞ্চলের কারখানাগুলোতে প্রায় তিন লাখ শ্রমিক কর্মরত।

এর আগেও শ্রমিক অসন্তোষের মুখে কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার পদক্ষেপ নিয়েছিল বিজিএমইএ। তবে সরকারের অনুরোধে তখন কারখানা সচল রাখা হয় এবং নিম্নতম মজুরি বোর্ডের মাধ্যমে ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর করার ঘোষণাও আসে। ওই সিদ্ধান্তের পর গাজীপুর, রাজধানীর মিরপুর ও নারায়ণগঞ্জের শ্রমিকেরা কাজে ফিরলেও সাভার ও আশুলিয়ায় অস্থিরতা থামেনি। এমন প্রেক্ষাপটেই মালিকেরা শ্রম আইনের ১৩(১) ধারা প্রয়োগ করে দীর্ঘমেয়াদে কারখানা বন্ধের কঠোর অবস্থানের দিকে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১১:১৯:৪৬ ● ৬ বার পঠিত