রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
পাগলা মসজিদ,দানবাক্স খুললেই মিলছে কোটি কোটি টাকা
Home Page » অর্থ ও বানিজ্য » পাগলা মসজিদ,দানবাক্স খুললেই মিলছে কোটি কোটি টাকা
বঙ্গনিউজ: কিশোরগঞ্জের পাগলা মসজিদে দানবাক্স খুললেই মিলছে কোটি কোটি টাকা। শুধু নগদ অর্থ নয়, দান হিসেবে পাওয়া যাচ্ছে স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রাও। অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও জমা পড়ছে অর্থ। চলতি বছরের হিসাব বলছে, পাগলা মসজিদে প্রতিদিন গড়ে ১০ লাখ ৮৩ হাজার ৭৬১ টাকা দান করেছেন মানুষ। সব মিলিয়ে চলতি বছরে দানবাক্স, অনলাইন ও মোবাইল ব্যাংকিং এবং বৈদেশিক মুদ্রা নগদায়ন করে পাওয়া অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ কোটি ২২ লাখ ২২ হাজার ৩২৩ টাকা।
সর্বশেষ গতকাল শনিবার পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খুলে পাওয়া গেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। এর আগে গত ২৭ জুন দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। দুই দফায় দানবাক্সে জমা পড়েছে ৩৪ কোটি ১২ লাখ ৪৯ হাজার ৬৬৩ টাকা। এর বাইরে মসজিদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ে জমা হয়েছে ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা। বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নগদায়ন করে পাওয়া গেছে আরও ৬৫ লাখ ৬২ হাজার ৭২৪ টাকা।
এই তিন উৎসের অর্থ যোগ করলে চলতি বছরে মোট দানের পরিমাণ দাঁড়ায় ৩৫ কোটি ২২ লাখ ২২ হাজার ৩২৩ টাকা। ৩২৫ দিন ধরে হিসাব করলে প্রতিদিন গড়ে দানের পরিমাণ দাঁড়ায় ১০ লাখ ৮৩ হাজার ৭৬১ টাকা। অর্থাৎ প্রতিদিন গড়ে ১০ লাখ টাকার বেশি অর্থ দান করছেন মানুষ।
পাগলা মসজিদে দানের পরিমাণ বাড়ার পেছনে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ। এর একটি হলো, দানবাক্স খোলার মধ্যবর্তী সময়। সাধারণত প্রতি তিন মাস পরপর দানবাক্স খোলার কথা থাকলেও চলতি বছর সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুই দফায় বাক্স খোলা হয়েছে। সর্বশেষ প্রায় পাঁচ মাস পর দানবাক্স খোলা হয়। ফলে দীর্ঘ সময়ে জমা হওয়া অর্থের পরিমাণও বেড়েছে।
এবার দানবাক্সের সংখ্যাও বাড়ানো হয়েছে। আগে ১৩টি দানবাক্স থাকলেও সেগুলো পরিপূর্ণ হয়ে যাওয়ায় আরও দুটি বাক্স যুক্ত করা হয়। সব মিলিয়ে এবার ১৫টি দানবাক্স খোলা হয়েছে। সেখান থেকে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা।
মসজিদকে ঘিরে মানুষের বিশ্বাসও দানের অন্যতম একটি কারণ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এখানে মানত করলে মনোবাসনা পূর্ণ হয়। রোগমুক্তি, পারিবারিক সমস্যা থেকে মুক্তি কিংবা ব্যক্তিগত কোনো প্রত্যাশা পূরণের আশায় দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে আসেন। বিভিন্ন ধর্মের মানুষেরও এখানে দান করার নজির রয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে পরিবার নিয়ে দান করতে এসেছিলেন রাখাল চন্দ্র পাল। তিনি জানান, টেলিভিশন ও মানুষের মুখে পাগলা মসজিদ সম্পর্কে জেনেছেন। তার একটি মানত পূর্ণ হওয়ায় সাধ্যমতো অর্থ দান করতে এসেছেন।
নেত্রকোনার মদন থেকে আসা আবু বক্কর জানান, তিনি দুটি ছাগল মানত করেছিলেন। মনোবাসনা পূর্ণ হওয়ায় এবার পরিবার নিয়ে মসজিদে এসে সেই মানত পূরণ করেছেন।
শুধু নগদ অর্থ বা স্বর্ণালংকার নয়, মসজিদের দানবাক্সে মানুষের নানা ধরনের চিঠিও পাওয়া যায়। কেউ পরিবারের সদস্যের রোগমুক্তি চান, কেউ পারিবারিক বা ব্যক্তিগত সমস্যার সমাধান চান। আবার কেউ দেশের রাজনৈতিক অস্থিরতা কমার প্রত্যাশা জানিয়ে চিঠি দেন। এসব চিঠি মসজিদকে ঘিরে মানুষের ব্যক্তিগত বিশ্বাস ও প্রত্যাশারও একটি চিত্র তুলে ধরে।
পাগলা মসজিদে জমা হওয়া অর্থের একটি অংশ মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের পরিচালন ব্যয়ে ব্যবহার করা হয়। বাকি অর্থ ব্যাংকে জমা রাখা হয়। সেই অর্থের লভ্যাংশ থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়া হয়। পাশাপাশি অসহায় ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদেরও সহায়তা করা হয়।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, পাগলা মসজিদের ব্যাংক হিসাবে জমা হওয়া অর্থ দিয়ে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য মসজিদের পরিসর বাড়াতে ৫৩ দশমিক ৭৭ শতাংশ জমি কেনা হয়েছে।
গত ১২ অক্টোবর মসজিদের ছয় বছরে জমা হওয়া স্বর্ণ ও রুপার হিসাব করা হয়। এতে পাওয়া যায় ১২ কেজি ১৭৪ গ্রাম সোনা ও ১২ কেজি রুপা। পাশাপাশি ৩০টি দেশের বৈদেশিক মুদ্রাও পাওয়া যায়। এর আগে ২০২০ সালে জমা হওয়া সোনা-রুপা নিলামে বিক্রি করে এক কোটি ১১ লাখ ১০ হাজার ১২০ টাকা পাওয়া গিয়েছিল।
কিশোরগঞ্জ শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদটি শুধু স্থানীয় নয়, সারা দেশের মানুষের কাছে পরিচিত একটি ধর্মীয় প্রতিষ্ঠান। জনশ্রুতি রয়েছে, প্রায় আড়াইশ বছর আগে পাগলবেশী এক আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দা নদীর মধ্যস্থলে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদ এলাকা জেলা শহরের হারুয়ায় থামেন। তাকে ঘিরে সেখানে অনেক ভক্তকুল সমবেত হন। ওই পাগলের মৃত্যুর পর সমাধির পাশে এই মসজিদটি গড়ে ওঠে। পরে কালক্রমে এটি পরিচিতি পায় পাগলা মসজিদ নামে। ১৯৭৯ সালের ১০মে থেকে ওয়াকফ-স্টেট মসজিদটি পরিচালনা করে আসছে।
বাংলাদেশ সময়: ১৮:৩৩:২৬ ● ৪ বার পঠিত