রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
বহিষ্কৃত নেতাকর্মীদেরকে দলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে বিএনপি
Home Page » জাতীয় » বহিষ্কৃত নেতাকর্মীদেরকে দলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে বিএনপি
বঙ্গনিউজ: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের সাংগঠনিক শক্তি বাড়াতে বহিষ্কৃত অন্তত পাঁচশত নেতাকর্মীকে পর্যায়ক্রমে দলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে বিএনপি। মূলত অভ্যন্তরীণ কোন্দল নিরসন এবং দলীয় ঐক্য সুসংহত করার অংশ হিসেবে হাইকমান্ড এই সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ শুরু করেছে।
দলীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য মোকাবিলায় তৃণমূলকে প্রস্তুত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিদ্রোহী প্রার্থীসহ কয়েকশত নেতাকর্মী দলে ফেরার আবেদন জানিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে চিঠি দিয়েছেন। তাদের আবেদন যাচাই-বাছাই শেষে ধাপে ধাপে সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হবে। এই প্রক্রিয়ায় গত ১৭ নভেম্বর নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে।
বহিষ্কৃতদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় যারা বহিষ্কৃত হয়েছিলেন, তাদের প্রায় সবাই ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। প্রতিটি আবেদনের ধরন ও প্রেক্ষাপট এক নয়। স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা জরুরি এবং যাদের অপরাধ গুরুতর নয়, তাদের আবেদন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি সরাসরি তত্ত্বাবধান করছেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে সরকার গঠন করে বিএনপি। ওই নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে ৪৫টি আসনে কেন্দ্রীয় ও তৃণমূলের ৯১ জন নেতা ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের বিদ্রোহী প্রার্থী হিসেবে চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করা হয়। বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সাতজন বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর পাশাপাশি তাদের সমর্থন দেওয়া তৃণমূলের অনেক নেতাকর্মীকেও শাস্তির আওতায় আনা হয়েছিল।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে অভ্যন্তরীণ বিরোধ নিষ্পত্তির অংশ হিসেবে বহিষ্কৃতদের দলে ফেরানোর আলোচনা চলছে। কয়েকটি ধাপে পর্যায়ক্রমে সবাইকে সংগঠনে সক্রিয় করা হবে।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হতে যাওয়া তালিকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়া স্বতন্ত্র সাত সংসদ সদস্য রয়েছেন। তারা হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২), লুৎফর রহমান খান আজাদ (টাঙ্গাইল-৩), শেখ মজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫), আব্দুল হান্নান (চাঁদপুর-৪), আতিকুল আলম শাওন (কুমিল্লা-৭), সালমান ওমর রুবেল (ময়মনসিংহ-১) এবং এ জেড এম রেজওয়ানুল হক (দিনাজপুর-৫)।
এ ছাড়া এই প্রক্রিয়ায় দলে ফেরার তালিকায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সাবেক সদস্য পটুয়াখালী-৩ আসনের হাসান মামুন, মোহাম্মদ শাহ আলম, মুহাম্মদ গিয়াস উদ্দিন, জাকারিয়া পিন্টু, ডা. শহীদুল আলম, আব্দুস সোবহান, অধ্যাপক মো. রেজাউল করিম, নাসিরুল হক সাবু, শেখ সুজাত মিয়া, এম এ হান্নান, কাজী মফিজুর রহমান, মোহাম্মদ আলী, যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ মো. ইকবাল হোসেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তরুণ দে এবং সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)।
তালিকায় আরও আছেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম বজলুর রশিদ, সৈয়দপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ আরাফান সরকার রানা, মহাদেবপুর উপজেলা বিএনপির সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, নাটোর জেলা বিএনপির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ইসফা খাইরুল হক শিমুল, লন্ডন জিয়া পরিষদের সহসভাপতি ব্যারিস্টার রেজাউল করিম, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা, বাগেরহাট জেলা বিএনপির সদস্য প্রকৌশলী মাসুদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ দুলাল হোসেন ও মো. আতাউর রহমান খান আঙ্গুর।
একই তালিকায় রয়েছেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি মো. জামাল আহমেদ চৌধুরী, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন, সদস্য মো. মুমিন আলী, কিশোরগঞ্জ সদর থানা বিএনপির সদস্য রেজাউল করিম চুন্নু, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিকুর রহমান, ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোর্শেদ আলম, নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপির সদস্য মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লাভলু সিদ্দিকী, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল জামাল নুরউদ্দিন মোল্লা, মাদারীপুর জেলা বিএনপির সদস্য মিল্টন বৈদ্য, গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য এম এস খান মঞ্জু ও সিরাজুল ইসলাম সিরাজ, হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন ও দেওয়ান জয়নুল জাকেরীন।
এ ছাড়া মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহসিন মিয়া মধু, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি কামরুজ্জামান মামুন, সদস্য কৃষিবিদ সাইদুজ্জামান কামাল, কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী চেয়ারম্যান, সাবেক সদস্য মিজানুল হক চৌধুরী এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহীও এই প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।
বহিষ্কৃত একাধিক নেতা জানান, কেউ কেউ লিখিত আবেদন জমা দিলেও অনেকে কেন্দ্রের ইতিবাচক বার্তার জন্য অপেক্ষা করছেন। তাদের বক্তব্য, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার রাজনৈতিক বাস্তবতা ছিল। তবে মাঠে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে অভিজ্ঞ ও পরীক্ষিত নেতাদের সংগঠনে দায়িত্ব দেওয়া জরুরি।
বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানান, বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে আনার প্রক্রিয়াটি সম্পন্ন হলে তৃণমূলের দীর্ঘদিনের মতভেদ দূর হবে। এতে স্থানীয় সরকার নির্বাচনে ইতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে মাঠপর্যায়ে দল সাংগঠনিকভাবে শক্তিশালী হবে।
বাংলাদেশ সময়: ১৮:৫৩:৫৬ ● ৫ বার পঠিত