সাহিত্য-সংস্কৃতির আলো ছড়াতে কলারোয়ায় বসুন্ধরা শুভসংঘের সাহিত্য আড্ডা

Home Page » পড়ালেখা ও সাজেশন্স।। » সাহিত্য-সংস্কৃতির আলো ছড়াতে কলারোয়ায় বসুন্ধরা শুভসংঘের সাহিত্য আড্ডা
মঙ্গলবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৬


সাহিত্য-সংস্কৃতির আলো ছড়াতে কলারোয়ায় বসুন্ধরা শুভসংঘের সাহিত্য আড্ডা

ভাষা ও সাহিত্য একটি জাতির মননের পরিচয় বহন করে। রুচিশীল ভাষা, নরম উচ্চারণ এবং মানবিক চিন্তার মধ্য দিয়েই গড়ে ওঠে সুস্থ সমাজ ও সংস্কৃতি। সেই লক্ষ্যকে সামনে রেখে কলারোয়ায় সাহিত্য আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার সময় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বসুন্ধরা শুভসংঘ কলারোয়া উপজেলা শাখার আয়োজনে এ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভ সংঘ কলারোয়া শাখার সভাপতি ফারুক হোসেন রাজ এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক খাঁন নাজমুচ সাহাদাত।

সভাপতির বক্তব্যে ফারুক হোসেন রাজ বলেন, সাহিত্য মানুষের মনকে শুদ্ধ করে, ভাষাকে করে সংযত ও রুচিশীল। সমাজে যখন সহনশীলতা কমে যায়, তখন সাহিত্যই মানুষের ভেতরের মানবিকতাকে জাগিয়ে তোলে। বসুন্ধরা শুভসংঘ বিশ্বাস করে শিক্ষা, সংস্কৃতি ও সাহিত্য একসাথে চর্চা হলেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

উপদেষ্টা ও প্রধান শিক্ষক মুজিবুর রহমান বলেন, শিক্ষা শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ থাকলে মানুষ পরিপূর্ণ হয় না। শিক্ষার সাথে সাহিত্য ও সংস্কৃতির চর্চা যুক্ত হলে নৈতিকতা, মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা তৈরি হয়। এই সাহিত্য আড্ডা তরুণ প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

নারী ও শিশু বিষয়ক সম্পাদক নাসরিন সুলতানা বলেন, নারী, শিশু ও তরুণদের জন্য সাহিত্য আড্ডা একটি নিরাপদ ও ইতিবাচক চর্চার জায়গা। সাহিত্য মানুষের চিন্তাকে প্রশস্ত করে এবং সমাজে নারীর ভূমিকা ও মানবিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কলারোয়া উপজেলা শাখার উপদেষ্টা ও রাসেল ফার্মেসীর স্বত্বাধিকারী কাজী শামসুর রহমান, সহ-সভাপতি ইমদাদুল হক মিলন, নারী বিষয়ক সম্পাদক মাধবী রাণী ঘোষ, শিক্ষা ও পাঠ্য বিষয়ক সহ-সম্পাদক তজিবুর রহমান, সহ সমাজকল্যাণ সম্পাদক আসাদুল রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, কার্যকরী সদস্য কবিরুল ইসলাম ।

এ ছাড়াও শুভসংঘের বন্ধু ইনামুল ইসলাম, বিপ্লব হোসেন, নাহিদ হাসান ইমন, ফিরোজ আহমেদ, হুসাইন রহমাতুল্লাহ, আমিরুল ইসলাম, ইমরান হোসেন, মোছা. জান্নাতুল অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনায় বক্তারা বলেন, সাহিত্য আড্ডা মানুষের ভাষা ও আচরণকে শালীন করে তোলে এবং সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:৩০ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ