সোমবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৬

নির্বাচনে মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক লেনদেন সীমিত করার নির্দেশ

Home Page » অর্থ ও বানিজ্য » নির্বাচনে মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক লেনদেন সীমিত করার নির্দেশ
সোমবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক লেনদেন সীমিত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল দিবাগত রাত ১২টা থেকে ভোটের দিন রাত পর্যন্ত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) একবারে সর্বোচ্চ এক হাজার টাকা পাঠানো যাবে।

২৪ ঘণ্টায় পাঠানো যাবে সর্বোচ্চ ১০ হাজার টাকা। এ সময়ে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন করা যাবে না। বিশেষ তদারকির মাধ্যমে যে কোনো অস্বাভাবিক লেনদেন হলে তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী থানায় রিপোর্ট করতে হবে। গতকাল রোববার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকে পাঠানো হয়েছে। নির্বাচনে কালো টাকা প্রতিরোধে এই নির্দেশনার অন্যতম উদ্দেশ্য।

সার্কুলারে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমএফএস ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) আওতাধীন ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেনের অপব্যবহার রোধে রোববার রাত ১২টা থেকে আগামী ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ৯৬ ঘণ্টা এমএফএস ব্যক্তি হিসাবের সীমা নির্ধারণ করা হলো।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, এমএফএসে ব্যক্তি থেকে ব্যক্তি প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা হবে এক হাজার টাকা। আর লেনদেনের সর্বোচ্চ সংখ্যা হবে দৈনিক ১০টি। এর মানে আজ থেকে নির্ধারিত সময়ের মধ্যে দিনে ১০টি লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পাঠানো যাবে। মার্চেন্ট পেমেন্ট এবং ইউটিলিটি বিলের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী নিয়মিত লেনদেনের বিধান অপরিবর্তিত থাকবে। অন্যান্য সব ধরনের এমএফএস লেনদেন এ সময়ে সাময়িকভাবে বন্ধ থাকবে। নির্বাচন উপলক্ষে এমএফএস-সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার নিজস্ব কুইক রেসপন্স সেল গঠন করতে বলা হয়েছে। এ সময়ে সব লেনদেন এমএফএস প্রোভাইডার কর্তৃক সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের (ক্লোজ মনিটরিং) আওতায় আনা এবং সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেনের ক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, এ সময়ে ব্যক্তি থেকে ব্যক্তি ইন্টারনেট ব্যাংকিং (আইবিএফটির মাধ্যমে লেনদেন) সম্পূর্ণ বন্ধ থাকবে। এমএফএস প্রোভাইডার ও ব্যাংকগুলো নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা মোতাবেক প্রয়োজনীয় সহযোগিতা দেবে। এই সময়সীমার পর স্বাভাবিক লেনদেন যথারীতি পুনর্বহাল হবে।

বিদ্যমান নিয়মে– এমএফএস হিসাবে ব্যক্তি থেকে ব্যক্তি দিনে সর্বোচ্চ ৫০ হাজার এবং মাসে তিন লাখ টাকা পাঠানো যায়। একটি হিসাবে সর্বোচ্চ জমা রাখা যায় পাঁচ লাখ টাকা। দিনে যতবার খুশি লেনদেন করা যায়। এ ছাড়া এজেন্ট পয়েন্ট থেকে দিনে সর্বোচ্চ ৩০ হাজার এবং মাসে দুই লাখ টাকা উত্তোলন করা যায়। তবে এই চার দিন ইউটিলিটি ও কেনাকাটার বিল পরিশোধ ছাড়া এসব লেনদেন বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নভেম্বর ভিত্তিক তথ্য অনুযায়ী– এমএফএস হিসাব রয়েছে ১৪ কোটি ৩০ লাখ ৭৫ হাজার। যেখানে দৈনিক গড়ে পাঁচ হাজার ২৮০ কোটি টাকা লেনেদেন হয়েছে। এর মধ্যে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের পরিমাণ ছিল ৪৮ হাজার ১৩৮ কোটি বা দৈনিক এক হাজার ৬০৫ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১২:৪৬:৫৬ ● ৩৭ বার পঠিত