রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬
ট্রাম্পের নৈশভোজ চলাকালে গুলির শব্দ
Home Page » প্রথমপাতা » ট্রাম্পের নৈশভোজ চলাকালে গুলির শব্দ
হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ হঠাৎই রূপ নিল আতঙ্কের রাতে। স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলের ভোজকক্ষে বিকট শব্দ শোনা যাওয়ার পরপরই চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। মুহূর্তের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সরিয়ে নেয় সিক্রেট সার্ভিস। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নৈশভোজ চলাকালে হঠাৎ গুলির মতো বিকট শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে উপস্থিত অতিথিরা টেবিলের নিচে আশ্রয় নেন। কেউ কেউ চিৎকার করে বলছিলেন, “নিচে থাকুন।” ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, আতঙ্কে ট্রাম্পসহ অনেকেই টেবিলের আড়ালে সরে যাচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শব্দ শোনার পরপরই সিক্রেট সার্ভিসের সদস্যরা ভোজকক্ষে অবস্থান নেন এবং দ্রুততার সঙ্গে ট্রাম্প ও মেলানিয়াকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। এর কিছুক্ষণের মধ্যে ভারী অস্ত্রে সজ্জিত কাউন্টার অ্যাসল্ট টিম (সিএটি)-এর সদস্যরা মঞ্চে অবস্থান নিয়ে কক্ষের পেছনের দিকে নজর রাখতে থাকেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্টের পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথসহ প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদেরও নিরাপত্তাজনিত কারণে দ্রুত সরিয়ে নেওয়া হয়। এ সময় কক্ষে থাকা অনেকে মেঝেতে শুয়ে পড়েন। নিরাপত্তা সদস্যরা টেবিল-চেয়ার ডিঙিয়ে আরেকজন অতিথিকেও দ্রুত বের করে আনেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ২ হাজার ৬০০ অতিথি, যাদের বড় অংশই নিরাপদ আশ্রয়ে চলে যান। হোয়াইট হাউস সংবাদদাতা সমিতির সভাপতি ওয়েইজিয়া জিয়াং জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে অনুষ্ঠানটি আবার শুরু হবে এবং শিগগিরই বিস্তারিত জানানো হবে। উল্লেখ্য, এটি ছিল প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথমবার এই বার্ষিক নৈশভোজে অংশ নেওয়া। সাম্প্রতিক সময়ে এই অনুষ্ঠানে এ ধরনের নিরাপত্তা-বিঘ্নের ঘটনা আর ঘটেনি বলে জানিয়েছে বিবিসি। ঠিক কী কারণে সেই বিকট শব্দ হয়েছিল, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তদন্ত চলছে বলে জানা গেছে।
ভিডিও দেখুন-
বাংলাদেশ সময়: ১০:৩১:২২ ● ২৯ বার পঠিত