
সারাদেশে বইছে তপ্ত হাওয়া। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। ২১ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থা অব্যাহত থাকতে পারে। তবে তীব্র গরমের মধ্যে আজ শনিবার সন্ধ্যা থেকে ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল শুক্রবার বৃষ্টিপাতের সতর্কবার্তায় অধিদপ্তর বলেছে, দেশের উত্তরাঞ্চল ও আশপাশের এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টা ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। তাতে ময়মনসিংহ ও সিলেট মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
সাধারণত ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে ‘ভারী’ এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে সেটিকে বলা হয়ে থাকে ‘অতিভারী বৃষ্টিপাত’।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, দেশের অন্য বিভাগগুলোরও কিছু কিছু জায়গায় কম-বেশি বৃষ্টিপাত হতে পারে। তবে এই দুই বিভাগে বেশি বৃষ্টিপাত হবে।
ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, বান্দরবান, পটুয়াখালী জেলা এবং খুলনা বিভাগের ১০ জেলাসহ ২১টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শনিবারও এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার সকালের বুলেটিনে জানানো হয়েছে। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।
দেশের অন্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে; প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।
গতকাল বেলা ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এই সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।