শনিবার ● ২ মে ২০২৬
পাহাড়ি ঢলে তলিয়ে যাচ্ছে ফসল
Home Page » জাতীয় » পাহাড়ি ঢলে তলিয়ে যাচ্ছে ফসলভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা ভারি বৃষ্টিতে দেশের উত্তর-পূর্বাঞ্চলে দেখা দিয়েছে আগাম বন্যা পরিস্থিতি। সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ ও নেত্রকোণার বিস্তৃত হাওর অঞ্চল এই বন্যার মুখে পড়েছে। পানির ঢলে ইতিমধ্যে তলিয়ে যেতে শুরু করেছে কৃষকের খেতের ফসল।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের পাঁচটি নদীর পানি এখন বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এগুলো হলো — সুনামগঞ্জের নলজুর নদী জগন্নাথপুর পয়েন্টে, নেত্রকোণার ভুগাই-কংস নদী জারিয়াজাঞ্জইল পয়েন্টে, সোমেশ্বরী নদী কলমাকান্দা পয়েন্টে, মগরা নদী নেত্রকোণা ও আটপাড়া পয়েন্টে এবং হবিগঞ্জের সুতাং নদী রেলওয়ে ব্রিজ পয়েন্টে।
বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি নেত্রকোণায়। গত চার দিন ধরে জেলাটিতে এবং উজানের ভারতীয় অঞ্চলে টানা বৃষ্টিপাত হচ্ছে। এই প্রবণতা আরও তিন দিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। ফলে সেখানে বন্যা পরিস্থিতির আরও অবনতি এবং নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
নেত্রকোণা ও কিশোরগঞ্জের ভুগাই-কংস ও ধনু-বাউলাই নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে। বাউলাই নদী খালিয়াজুরী পয়েন্টে আগামীকালের মধ্যে বিপৎসীমা ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছে কেন্দ্রটি।
সিলেট ও সুনামগঞ্জের সুরমা-কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। আগামী একদিন পরিস্থিতি স্থিতিশীল থাকলেও পরবর্তী দুই দিনে আবার পানি বাড়তে পারে এবং সুরমা ও কুশিয়ারা নদী সতর্কসীমায় পৌঁছাতে পারে।
মৌলভীবাজার ও হবিগঞ্জের মনু, খোয়াই ও জুড়ি নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। জুড়ি নদী আগামীকালের মধ্যে এবং মনু ও খোয়াই নদী তৃতীয় দিনে বিপৎসীমা ছাড়িয়ে যেতে পারে। ফলে এই দুই জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।
হাওরের কৃষকরা এমনিতেই বন্যার ভয়ে তটস্থ থাকেন প্রতি বছর। এবার আগাম বন্যার এই পূর্বাভাস তাদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। ফসল রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ না নিলে হাওর অঞ্চলের কৃষিতে বড় ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সময়: ১১:১৭:৪০ ● ৩৭ বার পঠিত