বৃষ্টিভেজা সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান

Home Page » জাতীয় » বৃষ্টিভেজা সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান
শনিবার ● ২ মে ২০২৬


সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান

একদিনের সফরে সিলেটে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ৯টা ৫৮ মিনিটে তাঁকে বহনকারী বিমান (বিএস-৫৩১) সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।
বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়ে তিনি সরাসরি চলে যান হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতে।

মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী সুরমা নদীর তীরে যাবেন। সেখানে ৪ হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ে সুরমা নদীর উভয় তীরের সৌন্দর্যবর্ধন, বন্যা প্রতিরোধ ও অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এরপর সিলেট সিটি করপোরেশন আয়োজিত সুধি সমাবেশে যোগ দেবেন।
এ ছাড়া ১২ কোটি টাকা ব্যয়ে বাসিয়া খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী। বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি’র উদ্বোধন এবং জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরের দিনটিতে আবহাওয়া সহায় নয়। গতকাল রাত থেকেই সিলেটে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, সকাল থেকে ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। তবে বৃষ্টিকে উপেক্ষা করেই নির্ধারিত কর্মসূচি পালন করছেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১১:০০:৪৮ ● ১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ