মঙ্গলবার ● ৫ মে ২০২৬

উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি

Home Page » জাতীয় » উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি
মঙ্গলবার ● ৫ মে ২০২৬


উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ঘনীভূত হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, হাওর বেসিনের পাঁচ জেলার নয়টি নদীর ১১টি পয়েন্টে পানি প্রাক-মৌসুমি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিলেট ও সুনামগঞ্জ: কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ২২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৫ সেন্টিমিটার এবং সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে ২২ সেন্টিমিটার বেড়ে ৮ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। সুনামগঞ্জের জগন্নাথপুর পয়েন্টে নলজুর নদীর পানি ৬ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার উপরে উঠেছে।
নেত্রকোণা: খালিয়াজুরি পয়েন্টে ধনু-বাউলাই নদীর পানি ৬ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার উপরে রয়েছে। কলমাকান্দা পয়েন্টে সোমেশ্বরী নদীর পানি কিছুটা কমলেও এখনো ৪২ সেন্টিমিটার উপরে। জারিয়াঝাঞ্জাইল পয়েন্টে ভুগাই-কংশ নদীর পানি ১৬ সেন্টিমিটার কমে ৫১ সেন্টিমিটার উপরে আছে। নেত্রকোণা সদর ও আটপাড়া পয়েন্টে মগরা নদী যথাক্রমে ৮৭ ও ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
হবিগঞ্জ: আজমিরিগঞ্জ পয়েন্টে কালনি নদীর পানি ১৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার উপরে উঠেছে। সুতাং রেলসেতু পয়েন্টে সুতাং নদীর পানি ১৭ সেন্টিমিটার কমলেও এখনো ৬৬ সেন্টিমিটার উপরে রয়েছে।
মৌলভীবাজার: মনু নদীর পানি একলাফে ১১০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে — যা পরিস্থিতির দ্রুত অবনতির ইঙ্গিত দিচ্ছে।

পাউবো জানিয়েছে, সুনামগঞ্জের হাওরাঞ্চলে নদীগুলোর জলস্তর ঘণ্টায় শূন্য থেকে ১ সেন্টিমিটার হারে ধীরে ধীরে বাড়ছে। এই ধারা অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।

হাওরবাসীর জন্য পরিস্থিতি এখন প্রতিটি ঘণ্টায় আরও উদ্বেগের হয়ে উঠছে। ফসল রক্ষা ও মানুষের নিরাপত্তায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১১:১১:১৪ ● ৯ বার পঠিত