
ইরানকে সরাসরি ‘পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কড়া সতর্কবার্তা উচ্চারণ করেন। সোমবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
সাক্ষাৎকারে ট্রাম্প মার্কিন সামরিক শক্তির কথা উল্লেখ করে বলেন, “আমাদের কাছে এখন আগের তুলনায় অনেক উন্নতমানের প্রচুর অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। সারা বিশ্বে আমাদের সামরিক সরঞ্জাম ও ঘাঁটি ছড়িয়ে আছে। প্রয়োজন হলে আমরা সেগুলো ব্যবহার করব।”
ট্রাম্প স্পষ্ট করে দুটি পথের কথা বলেন — ইরান হয় আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য চুক্তিতে আসবে, অথবা পুনরায় সামরিক অভিযানের মুখে পড়বে। গত মাসেও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানকে সতর্ক করে লিখেছিলেন, হামলা হলে একটি পুরো সভ্যতা বিলুপ্ত হয়ে যাবে।
ট্রাম্প তাঁর ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে দাবি করেছেন, হরমুজ প্রণালিতে অন্য দেশের বাণিজ্যিক জাহাজে হামলার চেষ্টা করায় মার্কিন বাহিনী ইরানের সাতটি ফাস্ট বোট ডুবিয়ে দিয়েছে। তবে এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেও তিনি জানান, ইরানি আলোচকরা আগের তুলনায় এখন “অনেক বেশি নমনীয়” হয়েছে।
হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ ভাঙতে সোমবার থেকে মার্কিন সামরিক বাহিনী একটি বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘প্রজেক্ট ফ্রিডম’। ওয়াশিংটন জানিয়েছে, ইতিমধ্যে দুটি মার্কিন বাণিজ্যিক জাহাজকে প্রণালি পার হতে সহায়তা করা হয়েছে। তবে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইটগুলোর তথ্য বলছে, ওই জলপথে যাতায়াত এখনো বহুলাংশে স্থগিত রয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, এই এলাকায় আটকে পড়া জাহাজগুলো ৮৭টি ভিন্ন দেশের — এই সংঘাতে যারা মূলত ‘নিরপরাধ দর্শক’। তিনি বলেন, “গত ১২ ঘণ্টায় আমরা কয়েক ডজন জাহাজ ও শিপিং কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছি, যাতে তারা হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত শুরু করতে উৎসাহিত হয়।”