বুধবার ● ১৩ মে ২০২৬
যুদ্ধবিরতি ভাঙলে ‘অপারেশন স্লেজহ্যামার’
Home Page » প্রথমপাতা » যুদ্ধবিরতি ভাঙলে ‘অপারেশন স্লেজহ্যামার’ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি ভেঙে পড়লে নতুন সামরিক অভিযান শুরুর পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার (১২ মে) এনবিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পূর্ববর্তী অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’র নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হচ্ছে ‘অপারেশন স্লেজহ্যামার’।
প্রতিবেদন অনুযায়ী, কিছু মার্কিন কর্মকর্তা মনে করছেন নতুন অভিযানের নাম ব্যবহার করলে হোয়াইট হাউস দাবি করতে পারবে যে এটি ১৯৭৩ সালের ‘ওয়ার পাওয়ারস রেজুলেশন’-এর আওতায় একটি আলাদা অভিযান। এই আইনে কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট কতদিন সামরিক অভিযান চালাতে পারবেন তার সীমা বেঁধে দেওয়া আছে। নতুন নামের আড়ালে সেই সময়সীমা এড়ানোর কৌশলগত সুবিধা পেতে পারে প্রশাসন।
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন, গত মাসে যুদ্ধবিরতি চুক্তির পর ‘অপারেশন এপিক ফিউরি’ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে।
কূটনৈতিক অচলাবস্থা এখনো কাটেনি। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, পাঁচটি ‘ন্যূনতম গ্যারান্টি’ পূরণ না হলে নতুন কোনো আলোচনায় বসবে না তারা। শর্তগুলো হলো — সব ফ্রন্টে যুদ্ধের সমাপ্তি বিশেষ করে লেবাননে, সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত সম্পদ ফেরত দেওয়া, যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ প্রদান এবং হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্বের স্বীকৃতি।
এর আগে যুক্তরাষ্ট্র ১৪ দফার একটি প্রস্তাব দিলে তেহরান তা ‘একতরফা’ বলে সমালোচনা করে। পরে ইরানের দেওয়া প্রস্তাবকে ওয়াশিংটন ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করে। ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি বৈঠকও কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে।
প্রশাসনের ভেতরে এই ধারণা ক্রমশ জোরালো হচ্ছে যে, কূটনৈতিক প্রচেষ্টা থমকে যাওয়া এবং হরমুজ প্রণালিতে উত্তেজনা অব্যাহত থাকায় ইরানের সঙ্গে যুদ্ধ আবারও শুরু হতে পারে। তবে পেন্টাগন এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
সূত্র: আনাদোলু, এনবিসি নিউজ
বাংলাদেশ সময়: ১০:৪৩:৩৭ ● ১১ বার পঠিত