
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে শপিংমল ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়ানো হয়েছে। এখন থেকে ঈদের দিন পর্যন্ত রাত ১০টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে। মঙ্গলবার বাংলাদেশ দোকান মালিক সমিতির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার আগে মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল। তবে ঈদের কেনাকাটার মৌসুমে ক্রেতা ও বিক্রেতা উভয়ের সুবিধার কথা বিবেচনায় নিয়ে দোকান মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী এই সময় বৃদ্ধির সিদ্ধান্ত জানিয়েছেন। ১২ মে থেকেই নতুন এই সময়সীমা কার্যকর হয়েছে।
তবে সময় বাড়লেও বিদ্যুৎ ব্যবহারে কড়াকড়ি বহাল থাকছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, কোনো আলোকসজ্জা করা যাবে না এবং অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারও করা যাবে না।
ঈদের আগে বাড়তি সময়ের এই সুযোগে ব্যবসায়ীরা ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।