শনিবার ● ১৬ মে ২০২৬

ইলিশের বাড়ি চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

Home Page » জাতীয় » ইলিশের বাড়ি চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান
শনিবার ● ১৬ মে ২০২৬


চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী

দীর্ঘ দুই দশক পর আজ শনিবার চাঁদপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। কয়েক দিন ধরেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও শোডাউনে মুখর রয়েছেন — বিশেষ করে ছাত্রদলের বিশাল শোডাউন ছিল চোখে পড়ার মতো।

সকালে রাজধানী থেকে কুমিল্লা হয়ে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। পথে চাঁদপুর-কুমিল্লা সীমান্তের বরুড়া এলাকায় একটি পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
দুপুরে শাহরাস্তির উয়ারুক বাজার সংলগ্ন খোর্দ্দ খাল এবং সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের বিশ্বখাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। জেলার সেচ সুবিধা নিশ্চিতে দুটি খালের এই পুনঃখনন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এই মাঠ থেকেই ভার্চুয়ালি আরও ২১টি জেলায় একই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করবেন তিনি। সফরের শেষ পর্বে চাঁদপুর ক্লাবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে প্রতিনিধি সভায় গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন সরকারপ্রধান।

শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “প্রধানমন্ত্রী চাঁদপুরবাসীর চাহিদা সম্পর্কে অবগত আছেন। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়নই আমাদের প্রধান চাওয়া। চাঁদপুরবাসী হতাশ হবে না বলে আমার বিশ্বাস।”
তিনি আরও জানান, মেঘনাপাড়ের হাইমচরে অর্থনৈতিক অঞ্চল ও জেলায় একটি ইপিজেড স্থাপনের যৌক্তিক পরিবেশ রয়েছে — যা এখন প্রধানমন্ত্রীর ঘোষণার অপেক্ষায়।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান জানিয়েছেন, সফর নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার যাতায়াতের পথে মহড়া অনুষ্ঠিত হয়েছে এবং জনদুর্ভোগ এড়াতে বিশেষ ট্রাফিক পরিকল্পনাও নেওয়া হয়েছে।
কর্মসূচিতে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হাসান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুদু, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১১:৪২:৪৪ ● ১৭ বার পঠিত