রবিবার ● ১৭ মে ২০২৬
বাংলাদেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি গ্রেপ্তার
Home Page » জাতীয় » বাংলাদেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি গ্রেপ্তার
বঙ্গনিউজ: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একাধিক কূটনৈতিকসহ মোট সাতটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।
গতকাল দুপুরে পাটগ্রাম উপজেলার সীমান্তঘেঁষা দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি রাতের দিকে নিশ্চিত করেন লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক সাব্বির বিন শামস আওয়ামী লীগ সরকারের সময়ে চুক্তিভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) এবং লন্ডন হাইকমিশনে মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাও রয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভারত থেকে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে তিনি বাংলাদেশে প্রবেশ করেন। সন্দেহজনক চলাফেরার কারণে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে হেফাজতে নেয়।সংবাদ বিশ্লেষণ
লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে প্রবেশের পর স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে জানায়। পরে দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয় এবং জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক সাবেক কূটনীতিকের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলাদেশ সময়: ৮:০৮:৪০ ● ১০ বার পঠিত