রবিবার ● ১৭ মে ২০২৬

দল পুনর্গঠনের ঘোষণা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

Home Page » জাতীয় » দল পুনর্গঠনের ঘোষণা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
রবিবার ● ১৭ মে ২০২৬


ফাইল ছবি-মমতা বন্দ্যোপাধ্যায়  বঙ্গনিউজ: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর দলের ভেতরের ক্ষোভ ও দলবদলের গুঞ্জনের মধ্যে নতুন করে দল পুনর্গঠনের ঘোষণা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা দলে থাকবেন, তাদের ‘খাঁটি সোনা’ উল্লেখ করে তিনি নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। পরাজয়ের কারণ বিশ্লেষণ ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে শুক্রবার কালীঘাটে দলের প্রার্থীদের নিয়ে আয়োজিত এক বৈঠকে তিনি এসব কথা জানান।

মমতার ঘোষণা: ‘নতুন করে দল পুনর্গঠন করব’
মমতা বন্দ্যোপাধ্যায়
বৈঠকে মমতা বলেন, ‘আমি নতুন করে দল পুনর্গঠন করব। আপনারা ধৈর্য রাখুন, আমি নিজেই পথে নামব।’ দলীয় সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত দলীয় কার্যালয়গুলো পুনর্নির্মাণ করে পুনরায় খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। মমতা বলেন, ‘আমি জানি আপনারা কেউ হারেননি। জনগণের রায় লুট করা হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস কখনো মাথা নত করবে না। আমরা ঠিক ঘুরে দাঁড়াব।’

ভোটের পর বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সন্ত্রাসের ঘটনায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়িয়ে আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন তৃণমূল নেত্রী। গত কয়েকদিন ধরেই তিনি দলের নেতা, নির্বাচিত বিধায়ক ও সাংসদদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন। দল আগামীতে আরও শক্তিশালী হয়ে শাসকদলের বিরুদ্ধে লড়বে বলেও তিনি আশ্বস্ত করেন。

ইতিমধ্যেই সমাজমাধ্যম ও দলের আইটি সেলের সদস্যদের সঙ্গেও জরুরি বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে তরুণ প্রজন্মের মনোবল ধরে রাখতে আয়োজিত এ বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। সেখানে আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যকে নতুন করে টিম গোছানোর পরামর্শ দেওয়া হয়。

এদিকে, নির্বাচনী প্রচারণায় উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে পুলিশ। রাজীব সরকার নামে এক সমাজকর্মী গত ৫ মে বাগুইআটি থানায় এই অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, গত ২৭ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত বিভিন্ন স্থানে প্রচারণায় অভিষেক উসকানিমূলক বক্তব্য দেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দেন। এই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মোট ছয়টি ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ৮:২০:১৫ ● ৯ বার পঠিত