সোমবার ● ১৮ মে ২০২৬

পোশাক, ওষুধ ও চামড়াপণ্য আমদানি বাড়াতে নিউজিলেন্ডের প্রতি আহ্বান বাংলাদেশের

Home Page » জাতীয় » পোশাক, ওষুধ ও চামড়াপণ্য আমদানি বাড়াতে নিউজিলেন্ডের প্রতি আহ্বান বাংলাদেশের
সোমবার ● ১৮ মে ২০২৬


বাংলাদেশে নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইন-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর সঙ্গে সাক্ষাৎ করে

বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য আমদানি বাড়াতে নিউজিল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। রবিবার রাজধানীতে খাদ্য মন্ত্রণালয়ে তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইনের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি।

বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, তৈরি পোশাক, ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্যে বাংলাদেশের গুণগত মান ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব খাতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের বড় সুযোগ রয়েছে বলে তিনি মত দেন।

প্রতিমন্ত্রী নিউজিল্যান্ড প্রতিনিধিদলকে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, “দেশের সব মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। এই লক্ষ্য অর্জনে সরকার নিরলস কাজ করছে।” নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তি ও সক্ষমতা বৃদ্ধিতে নিউজিল্যান্ডের সহযোগিতাও কামনা করেন তিনি।

বৈঠকে নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বাড়ানো এবং শিক্ষা ও গবেষণা বিষয়ক সুবিধা সম্প্রসারণেরও আহ্বান জানান প্রতিমন্ত্রী।

নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইন বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও খাদ্য ব্যবস্থাপনায় সরকারের সাফল্যের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে নিউজিল্যান্ডের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। নিউজিল্যান্ডে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও ইতিবাচক অবদানেরও প্রশংসা করেন তিনি।
বৈঠকে নিউজিল্যান্ডের কাউন্সিলর (অ্যাগ্রিকালচার) মিলানি ফিলিপস, অনারারি কনসাল শামসুল আলম মল্লিক, খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০:৪৬:৪৪ ● ২১ বার পঠিত