
ভূরাজনৈতিকভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির ওপর পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, এখন থেকে এই কৌশলগত প্রণালি দিয়ে যেকোনো নৌযান চলাচলে ইরানের সামরিক বাহিনী ও আইআরজিসির সঙ্গে পূর্ব সমন্বয় বাধ্যতামূলক।
আইআরজিসির নৌবাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালি এখন সম্পূর্ণরূপে তাদের সামরিক নজরদারি ও নিয়ন্ত্রণের আওতায় রয়েছে। হরমুজ দ্বীপের দক্ষিণাঞ্চলীয় রেড বিচ এলাকায় ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী বা শত্রুভাবাপন্ন দেশগুলোর কোনো সামরিক জাহাজ বা নৌযানকে এই প্রণালি ব্যবহার করতে দেওয়া হবে না। তবে বন্ধুভাবাপন্ন দেশগুলোর বাণিজ্যিক ও সাধারণ নৌযান আগের মতোই চলাচল করতে পারবে।
গত কয়েক দিনে হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচল কিছুটা বেড়েছিল। বিভিন্ন সূত্রে জানা গেছে, বিশেষত চীনা কোম্পানিগুলোর ৩০ থেকে ৪০টি জাহাজ এই পথ অতিক্রম করেছিল। কিন্তু আইআরজিসির নতুন অবস্থান ঘোষণার পর গত ২৪ ঘণ্টায় অন্য কোনো জাহাজ চলাচলের খবর পাওয়া যায়নি।
বিশ্ব জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে চলাচল করে। ইরানের এই নতুন ঘোষণায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে আবারও অস্থিরতার আশঙ্কা দেখা দিচ্ছে।
সূত্র : আল-জাজিরা।