সোমবার ● ১৮ মে ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে না-সিইসি

Home Page » জাতীয় » স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে না-সিইসি
সোমবার ● ১৮ মে ২০২৬


ফাইল ছবি-সিইসি  এ এম এম নাসির উদ্দিন বঙ্গনিউজ: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নতুন কমিটির দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, এবার দলীয় প্রতীক ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হলেও রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে নিজেদের প্রার্থীর পক্ষে সক্রিয় অবস্থান নিতে শুরু করেছে। এতে নির্বাচনী পরিবেশ উত্তপ্ত হওয়ার আশঙ্কাও রয়েছে।

তিনি বলেন, দলীয় প্রতীক বাদ দেওয়ায় আচরণবিধি ও নির্বাচন পরিচালনা সংক্রান্ত নিয়মকানুনে পরিবর্তন আনার কাজ চলছে। একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করাই কমিশনের লক্ষ্য।

স্থানীয় সরকার নির্বাচনে অতীতে সংঘাত ও সহিংসতার ঘটনা ঘটেছে উল্লেখ করে সিইসি রাজনৈতিক দলগুলোকে সংযত আচরণ ও পারস্পরিক আলোচনার মাধ্যমে নির্বাচনী পরিবেশ শান্ত রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন একা নির্বাচন পরিচালনা করতে পারে না। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল, প্রার্থী, সাংবাদিক এবং ভোটার—সবাইকে সহযোগিতা করতে হবে।

সিইসি দাবি করেন, কমিশন কোনো নির্দিষ্ট পক্ষের হয়ে কাজ করছে না। তিনি বলেন, বড় রাজনৈতিক নেতাদের ফোন না নিয়ে অফিসে এসে আলোচনার নিয়ম বজায় রাখা হয়েছে, যাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা যায়।

নারী ভোটারদের বিষয়ে সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, সামাজিক ও ধর্মীয় সংবেদনশীলতা বিবেচনায় নিয়ে নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য করতে কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১৮:১৬:০০ ● ১৬ বার পঠিত