বঙ্গনিউজ: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাতদিন দেশের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। তবে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে নির্দিষ্ট কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠায়।
সার্কুলারে জানানো হয়, সরকারি ছুটির সমন্বয়ের অংশ হিসেবে আগামী ২৩ মে শনিবার ও ২৪ মে রবিবার দেশের সব ব্যাংক শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।
অন্যদিকে ঈদের আগে তৈরি পোশাক খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধে সুবিধা দিতে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্পাঞ্চলে সীমিত আকারে ব্যাংকিং সেবা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এসব এলাকায় আগামী ২৫ ও ২৬ মে নির্ধারিত কিছু ব্যাংক শাখা সীমিত জনবল দিয়ে কার্যক্রম পরিচালনা করবে। অফিস সময় থাকবে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত, আর গ্রাহক লেনদেন চলবে দুপুর ১টা পর্যন্ত।
এছাড়া আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলোও ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা প্রচলিত বিধি অনুযায়ী অতিরিক্ত ভাতা ও সুবিধা পাবেন।