বৃহস্পতিবার ● ২১ মে ২০২৬

১৮৯ ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৭৩ হাজারের বেশি হজ্বযাত্রী

Home Page » জাতীয় » ১৮৯ ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৭৩ হাজারের বেশি হজ্বযাত্রী
বৃহস্পতিবার ● ২১ মে ২০২৬


হজ্বযাত্রী

বাংলাদেশ থেকে এ পর্যন্ত ১৮৯টি হজ্ব ফ্লাইটে ৭৩ হাজার ১৮২ জন হজ্বযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তবে দুঃখজনকভাবে এই যাত্রায় এখন পর্যন্ত ১৮ জন হজ্বযাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১৩ জন পুরুষ ও ৫ জন নারী। স্থান অনুযায়ী মক্কায় ১৩ জন এবং মদিনায় ৫ জনের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত পরিচালিত ১৮৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯৫টি, সৌদি এয়ারলাইনসের ৬৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২৫টি ফ্লাইট রয়েছে।

এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ্ব পালন করবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন। গত ১৮ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের হজ্ব ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আগামী ২১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। পবিত্র হজ্ব অনুষ্ঠিত হবে আগামী ২৬ মে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন।

বাংলাদেশ সময়: ১০:৫৩:২০ ● ১৩ বার পঠিত