বৃহস্পতিবার ● ২১ মে ২০২৬
ঈদের দিন রাজধানীতে মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে
Home Page » জাতীয় » ঈদের দিন রাজধানীতে মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে
বঙ্গনিউজ: পবিত্র ঈদুল আজহার দিন রাজধানীতে মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে ঈদের ছুটির অন্যান্য দিনগুলোতে বিশেষ সময়সূচি অনুযায়ী এই গণপরিবহন চলবে বলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) নিশ্চিত করেছে। বৃহস্পতিবার ডিএমটিসিএলের উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। এ উপলক্ষে সরকার ইতোমধ্যে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে। এই ছুটির দিনগুলোতে যাত্রীরা সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ১০টা ২০ মিনিট পর্যন্ত একক যাত্রার টিকিট কেনা এবং এমআরটি বা র্যাপিড পাস রিচার্জের সুযোগ পাবেন। তবে রাত ৯টা ২০ মিনিটের পর সব মেট্রোরেল স্টেশনের টিকিট কাউন্টার ও টিকিট ভেন্ডিং মেশিন বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ডিএমটিসিএল জানিয়েছে, বিশেষ সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর স্টেশন থেকে দিনের প্রথম ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে সকাল ৭টা ১৫ মিনিটে ছেড়ে যাবে। রাতে উত্তরা উত্তর থেকে শেষ ট্রেন ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে ১০টা ১০ মিনিটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবে। ছুটির দিনগুলোতে ট্রেনের মধ্যবর্তী সময় বা হেডওয়ে ১২ থেকে ১৫ মিনিট রাখা হবে। প্রাথমিকভাবে সাতটি ট্রেন সেট ব্যবহার করে প্রায় ১৪০টি ট্রিপের পরিকল্পনা থাকলেও যাত্রীর চাপের ওপর ভিত্তি করে এই সংখ্যা সমন্বয় করা হতে পারে। এছাড়া শুক্রবার উত্তরা উত্তর স্টেশনে দুপুর ২টা ৪৫ মিনিট এবং মতিঝিল স্টেশনে বিকেল ৩টা ৫ মিনিট থেকে টিকিট বিক্রি শুরু হবে।
বাংলাদেশ সময়: ২০:৫২:০৭ ● ১৩ বার পঠিত