বৃহস্পতিবার ● ২১ মে ২০২৬
বিদ্যুতের দাম প্রতি ইউনিটে গড়ে ১ টাকা ২৫ পয়সা বাড়ানোর সুপারিশ
Home Page » অর্থ ও বানিজ্য » বিদ্যুতের দাম প্রতি ইউনিটে গড়ে ১ টাকা ২৫ পয়সা বাড়ানোর সুপারিশ
বঙ্গনিউজ: খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম প্রতি ইউনিটে গড়ে ১ টাকা ২৫ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি (টিইসি)। এই প্রস্তাব বাস্তবায়ন হলে বিদ্যুৎ খাতে সরকারের ভর্তুকির চাপ উল্লেখযোগ্যভাবে কমবে বলে মনে করছে কমিশন। বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর কেআইবি মিলনায়তনে অনুষ্ঠিত বিইআরসির গণশুনানির দ্বিতীয় দিনে এই সুপারিশ উপস্থাপন করা হয়।
কমিটির হিসাব অনুযায়ী, আগামী ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৯৫ হাজার ৬১২ মিলিয়ন কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই বিদ্যুৎ সরবরাহে বিতরণ কোম্পানিগুলোর মোট প্রয়োজনীয় নিট রাজস্ব ধরা হয়েছে প্রায় ১ লাখ ১৯ হাজার ২৮৫ কোটি টাকা।
বিইআরসি জানিয়েছে, প্রস্তাবিত হারে দাম সমন্বয় করা হলে আগামী অর্থবছরে বিদ্যুৎ খাতে সরকারের ভর্তুকি প্রায় ১৩ হাজার কোটি টাকা পর্যন্ত কমে আসতে পারে।
কারিগরি মূল্যায়নে আরও বলা হয়েছে, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় সিস্টেম লস বা অপচয়ের হার খুব সামান্য কমতে পারে। ২০২৪-২৫ অর্থবছরে যেখানে এই হার ৭ দশমিক ৩৮ শতাংশ ছিল, তা ২০২৬-২৭ অর্থবছরে ৭ দশমিক ৩৭ শতাংশে নামতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে গ্রাহক পর্যায়ের বিদ্যুতের স্ল্যাব কাঠামোতে বড় ধরনের পরিবর্তন না আনার পক্ষে মত দিয়েছে টিইসি। বিশেষ করে লাইফলাইন গ্রাহকদের জন্য বিদ্যমান কাঠামো বহাল রাখার সুপারিশ করা হয়েছে।
এর আগে ০ থেকে ৭৫ ইউনিটের প্রথম ধাপ বাতিল করে ০ থেকে ২০০ ইউনিট পর্যন্ত নতুন স্ল্যাব করার আলোচনা উঠেছিল। তবে কারিগরি কমিটি মনে করছে, হঠাৎ এমন পরিবর্তন করলে নিম্নআয়ের ও প্রান্তিক গ্রাহকরা বেশি চাপে পড়তে পারেন।
সে কারণে সাধারণ গ্রাহকদের স্বার্থ বিবেচনায় বর্তমান স্ল্যাব ব্যবস্থাই আপাতত বহাল রাখার পরামর্শ দিয়েছে কমিটি।
বাংলাদেশ সময়: ২০:৫৯:৫১ ● ১৪ বার পঠিত