বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় আর্জেন্টিনা

Home Page » খেলা » বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় আর্জেন্টিনা
সোমবার ● ২৫ মে ২০২৬


আর্জেন্টাইন অধিনায়ক মেসি

মেজর লিগ সকারে (এমএলএস) রোমাঞ্চকর এক জয় তুলে নিয়েছে ইন্টার মিয়ামি। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে নাটকীয় ম্যাচে ৩-১ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে জয় পেয়েছে দলটি। তবে ১০ গোলের এই রুদ্ধশ্বাস ম্যাচের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন একটাই নাম—লিওনেল মেসি।

নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচের ৭৩তম মিনিটে আচমকাই মাঠ ছাড়েন আর্জেন্টাইন অধিনায়ক। বদলি হওয়ার পর সরাসরি টানেলে চলে যেতে দেখা যায় তাকে। বিশ্বকাপের খুব কাছাকাছি সময়ে মেসির এমন দৃশ্য আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

ম্যাচের ৬৮তম মিনিটে একটি ফ্রি-কিক নেওয়ার পর মেসিকে কিছুটা অস্বস্তিতে দেখা যায়। এরপর একটি ড্রিবল করলেও তার চলাফেরায় গতি কমে যায়। কিছুক্ষণ পর তিনি নিজেই বেঞ্চের দিকে ইশারা করে বদলির অনুরোধ জানান। মাঠ ছাড়ার সময় স্পষ্টভাবে খুঁড়িয়ে হাঁটতে দেখা না গেলেও স্টেডিয়ামে উপস্থিত কয়েকজন দর্শকের দাবি, মাঠের বাইরে মেসিকে পায়ে হাত দিতে দেখা গেছে। যদিও সম্প্রচারিত টেলিভিশন দৃশ্যে বিষয়টি পরিষ্কার বোঝা যায়নি।

ম্যাচ শেষে ইন্টার মিয়ামির কোচ জানান, মেসির শারীরিক অবস্থা নিয়ে এখনো কোনো মেডিকেল রিপোর্ট হাতে আসেনি। তার ধারণা, ভারী বৃষ্টির কারণে মাঠের অবস্থা কঠিন হয়ে পড়ায় মেসি ক্লান্ত অনুভব করতে পারেন।

তবে মেসির এমনভাবে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়াকে অস্বাভাবিক বলেই মনে করছেন বিশ্লেষকেরা। চলতি মৌসুমে তিনি নিয়মিত পূর্ণ সময় খেলেছেন এবং দলের অন্যতম নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন। পারফরম্যান্সেও আছেন দুর্দান্ত ছন্দে—এ পর্যন্ত ১৪ ম্যাচে করেছেন ১২ গোল, সঙ্গে রয়েছে ৭টি অ্যাসিস্ট।

বিশ্বকাপের মাত্র কয়েক সপ্তাহ আগে মেসির ফিটনেস নিয়ে তৈরি হওয়া এই অনিশ্চয়তা আর্জেন্টিনার জন্য বড় উদ্বেগের কারণ হতে পারে। আগামী কয়েক দিনের মেডিকেল আপডেটের দিকেই এখন তাকিয়ে থাকবে ফুটবল বিশ্ব।

এর আগে এক সাক্ষাৎকারে মেসি নিজেই বিশ্বকাপে নিজের অংশগ্রহণ নিয়ে সতর্ক অবস্থানের কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, পুরোপুরি সুস্থ ও দলের জন্য কার্যকর হতে পারবেন কি না, সেটি নিশ্চিত হওয়ার পরই সিদ্ধান্ত নেবেন।

এ অবস্থায় ইন্টার মিয়ামির জয় যতটা স্বস্তি এনে দিয়েছে, তার চেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে মেসির হঠাৎ মাঠ ছাড়ার ঘটনাই। বিশ্বকাপের আগে আর্জেন্টাইন শিবিরে এটি নতুন এক শঙ্কার নাম হয়ে উঠেছে।

বাংলাদেশ সময়: ১২:২৯:৪৪ ● ১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ